রাঙ্গুনিয়ার শিলক খাল থেকে অনুমতি ছাড়াই বালু তোলা হচ্ছে। শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে চট্টগ্রাম শহরের ব্যবসায়ীরা শ্রমিক দিয়ে শিলক ইউনিয়নের মরমের মুখ থেকে কর্ণফুলী নদীর সংযোগ মুখ পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকা থেকে বালু তুলে নিয়ে যাচ্ছেন। এতে রাবারড্যাম ও একটি সেতুসহ খালের আশপাশের ২৫ গ্রাম ভাঙনের মুখে পড়েছে। এলাকাবাসী জানান, উজান থেকে নেমে আসা শিলক খালের বালুর ব্যাপক চাহিদা রয়েছে। এগুলো পাকা ভবনসহ নানারকম নির্মাণকাজে ব্যবহার করা হয়। ফলে চট্টগ্রাম শহরের ব্যবসায়ীরা এ খালের বালু বেশি দামে কিনে নিয়ে যান। অথচ এ বালুমহাল ইজারা দেওয়া হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেত। উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, সরকার কর্ণফুলী নদীর শিলক খালের মুখে শিলক বালুমহালসহ পুরো শিলক খাল ইজারা বহির্ভূত থাকায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অনুমতি ছাড়াই বালু তুলে রাতারাতি লাখপতি হচ্ছেন। অপরদিকে সরকার হারাচ্ছে রাজস্ব।স্থানীয় একাধিক সূত্র জানায়, শিলক খালের মরমের মুখ থেকে কর্ণফুলী নদীর সংযোগ মুখ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা থেকে প্রতিদিনই বালু তোলা হচ্ছে। শ্রমিকেরা বড় বড় নৌকায় বালু ভর্তি করে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে। প্রতিদিন ১২০-১৫০টি নৌকা বালু তুলে নিয়ে যান তাঁরা। শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রতি নৌকা থেকে চার হাজার টাকা আদায় করেন। গত দেড় বছর ধরে এভাবে বালু তোলা হলেও সরকার শিলক খাল ইজারা দেওয়ার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলে বিএনপির নেতারা শিলক খাল থেকে বালু তুলে কোটিপতি হয়েছেন। বিএনপি নেতা-কর্মীদের তাড়াতে শিলক ইউনিয়ন যুবলীগের ১৬ নেতা-কর্মী বালু তুলছেন। সরকার ইজারা দিলে আমরা বালু তুলতাম না। তবে নিয়মানুযায়ী আমরা খাস কালেকশন আদায় করছি।’ শিলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ‘শিলক খাল থেকে অনিয়ন্ত্রিত বালু তোলার কারণে গত দেড় বছরে খালের উভয় পাড়ের ২৫ গ্রামের শতাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি বিলীন হয়ে গেছে। আরও দুশতাধিক ঘরবাড়ি ভাঙনের মুখে রয়েছে।’ শিলক রাবারড্যাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সিরাজুল হক জানান, ২০০৮ সালে মরমের মুখে নির্মিত রাবারড্যামের গোড়া থেকে বালু তোলার কারণে রাবারড্যাম হুমকির মুখে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী ‘শিলক খাল থেকে বালু তোলা বন্ধে ইউনিয়ন তহশিলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’