রাঙ্গুনিয়ায় অযত্নে চারটি গুদাম
রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চারটি গুদাম অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব গুদাম ১৮ বছর ধরে খালি পড়ে আছে। গুদামগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই। স্থানীয় ব্যবসায়ীরা পণ্য রাখার জন্য গুদাম চারটি ইজারা চেয়ে আবেদন করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাঙ্গুনিয়ায় প্রতিবছর প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হয়। গুদামজাত করার সুবিধা না থাকায় এসব পণ্য সস্তায় বিক্রি করে দেন কৃষকেরা। ব্যবসায়ীরাও এসব পণ্য কিনে প্রায় বিপাকে পড়েন। পচে যাওয়ার হাত থেকে রক্ষা করতে একরকম বাধ্য হয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন গুদামে অতিরিক্ত ভাড়ায় পণ্য রাখেন ব্যবসায়ীরা। এ কারণে স্থানীয়ভাবে পণ্য সংরক্ষণের জন্য সরকারি গুদাম চারটি ইজারা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ব্যবসায়ীরা। খাদ্য পরিদর্শক হারুনর রশিদ জানান, রাঙ্গুনিয়ায় উৎপাদিত বিপুল পরিমাণ খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯৭৪ সালে উপজেলার গোডাউন এলাকায় ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার দুই হাজার ৪০০ বর্গফুট আয়তনের ছয়টি পাকা গুদাম নির্মাণ করে। রাঙ্গুনিয়া থেকে সংগৃহীত ধান, চাল, গম, আলু, ভুট্টাসহ নানা খাদ্য এসব গুদামে সংরক্ষণ করা হতো। যেকোনো দুর্যোগের সময় এসব গুদাম থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সরবরাহ করা হতো। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ১৯৯১ সালের শেষের দিকে গোডাউন এলাকায় ৪৮০ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন দুহাজার ১০০ বর্গফুট আয়তনের আরও দুটি গুদাম নির্মাণ করে। কিন্তু ১৯৯৩ সালের পর ৭৪ সালে নির্মিত ছয়টি গুদামের চারটিতে ছাড়া বাকি চার গুদামে খাদ্য মজুদ বন্ধ করে দেন কর্তৃপক্ষ। সেই থেকে অব্যবহূত অবস্থায় পড়ে আছে গুদামগুলো। এদিকে, গুদামগুলো রক্ষণাবেক্ষণের দিকেও তেমন নজর নেই কর্তৃপক্ষের। স্থানীয় একাধিক সূত্র জানায়, ১৮ বছর ধরে অব্যবহূত থাকায় গুদাম চারটির অবকাঠামো জরাজীর্ণ হয়ে গেছে। স্থানীয় দাগি সন্ত্রাসীরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে ব্যবহার করে গুদামগুলো। মদ, গাঁজা ও হেরোইনসেবীরাও এসব গুদামে নিয়মিত আসর বসায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান। সরেজমিনে দেখা যায়, ১৯৭৪ সালে নির্মিত চারটি পাকা গুদামে ধান, চাল, গমসহ নানা রকম খাদ্য পণ্য ঠাসাঠাসি করে মজুদ করা হলেও অন্য চারটি গুদাম ফাঁকা। দুটি গুদামের দেয়ালের গায়ে ফাটল ধরেছে এবং অনেক জায়গায় খসে পড়ছে আস্তরণ। ঢেউটিনের তৈরি গুদাম দুটিতে মরচে ধরেছে। রক্ষণাবেক্ষণের অভাবে বখাটে ও মদ্যপ লোকজন দেয়ালের টিন কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সামশুদ্দিন আহমেদ ওসমানি প্রথম আলোকে বলেন, ‘অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় গুদামগুলোতে খাদ্যশস্য রাখা হয় না। খাদ্যশস্য রাখতে হলে এগুলো সংস্কার করতে হবে। গড়ে তুলতে হবে নিরাপত্তা দেয়াল।’ তিনি জানান, এ ব্যাপারে ১০ বছর ধরে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বরাবরে প্রতিবেদন পাঠানো হচ্ছে। এ ছাড়া গুদাম চারটি ইজারা চেয়ে স্থানীয় ব্যবসায়ীদের আবেদনের কাগজপত্রও পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গুদাম চারটি এভাবে ফেলে না রেখে ভাড়ায় দেওয়া হলে সরকারের রাজস্ব আয় বাড়বে। এ ছাড়া এতে স্থানীয়ভাবে পণ্য সংরক্ষণের মাধ্যমে ব্যবসায়ীরাও লাভবান হবেন।