রাঙ্গুনিয়ায় আদা খেতে কাণ্ডপচা রোগ, উদ্বিগ্ন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আদাখেতে কাণ্ডপচা রোগ দেখা দিয়েছে। এ রোগের প্রকোপ দিনে দিনে বাড়ছে। কীটনাশক প্রয়োগ করেও দমন হচ্ছে না এ রোগ। ফলে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। চাষিরা জানান, গত এপ্রিলের শুরুর দিকে খেতে আদার বীজবপন করা হয়। এসব আদাখেতে সবে কাণ্ড গজাতে শুরু করেছে। কিন্তু চলতি মে মাসে তিন-চার দফা বৃষ্টির পর গজিয়ে ওঠা আদা বীজের কাণ্ড পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে আদা চাষে এবার ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। পৌর এলাকার জাকিরাবাদের আদাচাষি আনোয়ার হোসেন ও হাফিজুর রহমান জানান, তাঁরা বাজার থেকে চার হাজার টাকা দরে আদার বীজ কিনে জমিতে বপন করেন। কিন্তু বৃষ্টিপাতের পর হঠাৎ আদাগাছের কাণ্ড পচে যেতে শুরু করে। রোগ দমনের জন্য বাজার থেকে কীটনাশক কিনে প্রয়োগ করলেও কোনো ফল হয়নি। পোমরা মালিরহাট এলাকার ওসমান গণি বলেন, ‘চলতি মৌসুমে প্রায় আড়াই একর জমিতে আদার চাষ করি। বীজ থেকে গাছ বেরোনোর সময় মনে হয়েছিল ফলন ভালো হবে। কিন্তু হঠাৎ করে কাণ্ডপচা রোগ দেখা দেওয়ায় এবার মার খেতে পারি।’মুরাদনগর পৌর এলাকার আমির হোসেন বলেন, ‘খেতের কোনো অংশে পচন রোগ দেখা দিলে তা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।’মধ্যম বেতাগী গ্রামের সরু মিয়া অভিযোগ করেন, আদাখেতের কাণ্ডপচা রোগের ব্যাপারে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের জানালেও কেউ একবারও মাঠে আসেননি। শুধু কীটনাশক প্রয়োগের পরামর্শ দিয়ে দায়িত্ব শেষ করেছেন তাঁরা। ফলে আদার খেত নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাইন উদ্দিন জানান, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌর এলাকায় প্রায় ৭০০ হেক্টর জমিতে আদার চাষ হয়েছে। আদার বীজ বপনের পর চলতি মে মাসের শুরু থেকে তিন-চারবার বৃষ্টিপাত হওয়ার পর আদাখেতে কাণ্ডপচা রোগ দেখা দেয়। উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আদাখেতে কাণ্ডপচা রোগ একটি ছত্রাকজাতীয় রোগ।’