রাঙ্গুনিয়ায় ইছামতীর পাড় দখল করে শতাধিক দোকানঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া পৌর এলাকায় রোয়াজার হাটে ইছামতী নদীর পাড় দখল করে গড়ে উঠেছে শতাধিক দোকানঘর। এতে বাধাগ্রস্ত হচ্ছে গতিপ্রবাহ। হ্রাস পাচ্ছে নাব্যতা। দোকানগুলো তুলে নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড একাধিকবার নোটিশ দিলেও দখল ছাড়ছে না অবৈধ দখলদারেরা।স্থানীয় একাধিক সূত্র জানায়, রোয়াজার হাটের পশ্চিম পাশে ইছামতী সেতুর গোড়া থেকে নদীর পাড়ের প্রায় অর্ধকিলোমিটার জায়গা দখল করে চারদলীয় জোট সরকারের সময় দলের প্রভাব খাটিয়ে কিছু ব্যক্তি দোকানঘর নির্মাণ করেন। পানি উন্নয়ন বোর্ড রাঙ্গুনিয়া কার্যালয়ের উপপ্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, সেতুর গোড়া থেকে প্রায় অর্ধকিলোমিটার এলাকায় গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদের জন্য পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত তিনবার নোটিশ দিয়েছে। কিন্তু দখলদারেরা রাজনৈতিক প্রভাবের কারণে এখনো দখল ছাড়েননি। তিনি বলেন, ২০০৮ সালের মাঝামাঝি ইছামতী নদীর পাহাড়ি ঢলে সেতুর গোড়ায় ফাটলের সৃষ্টি হয়, যা ১৯ কোটি টাকা ব্যয়ে মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। সেতুর ফাটল মেরামত ও নদীর উভয় পাড় রক্ষায় ব্লক স্থাপনে দখলদারেরা বাধা দেন। এ সময় দোকানগুলো উচ্ছেদের উদ্যোগ নিলে ক্ষমতাসীন দলের প্রভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি। রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, অবৈধ দোকানঘরের কারণে পানিপ্রবাহ কমে গিয়ে নদীর পানি দূষিত হচ্ছে। এতে নদীর মৎস্য ভান্ডার ক্রমশ হারিয়ে যাচ্ছে। নানা প্রজাতির মাছ প্রায় সময় মরে নদীর পানিতে ভেসে ওঠে।আবু নাসের নামের এক ব্যবসায়ী বলেন, কয়েকজন দখলদার দোকান নির্মাণ করে নিজেরা ব্যবসা করছেন। আর অন্যরা ব্যবসায়ীদের কাছে চুক্তিতে ভাড়া দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড দোকান উচ্ছেদের জন্য দখলদারদের নোটিশ না দিয়ে ব্যবসায়ীদের নোটিশ দিয়েছে। উচ্ছেদের নোটিশ দিতে হবে তো দখলদারদের।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘দখলদারেরা তো দীর্ঘদিন ধরে দখলে আছেন। তবে বর্তমানে রাজনৈতিক কোনো প্রভাব নেই। এগুলো উচ্ছেদ করার প্রয়োজন মনে করলেই পানি উন্নয়ন বোর্ড তা করতে পারে। এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কাপ্তাই আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ইছামতী নদীর পাড় থেকে দোকানঘরসহ সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের পুনরায় নোটিশ দেওয়া হবে। তাতে কর্ণপাত না করলে দখল উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।