রাঙ্গুনিয়ায় ইপিজেড প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় মুখ্য সচিবের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবদুল করিম। গত শুক্রবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে এক বৈঠকে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। প্রকল্প বাস্তবায়নে দ্রুত কর্মপরিকল্পনা তৈরি এবং এতে পাহাড় না কাটার বিষয়টিও অন্তর্ভুক্ত করে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।মুখ্য সচিব জানান, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার কৃষকদের ভাগ্যোন্নয়ন ও বেকার যুবকদের কর্মসংস্থানের সম্ভাবনা সামনে রেখে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গুনিয়ায় বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। ওই বছরের ৯ আগস্ট রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারি করে চট্টগ্রাম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের চেয়ারম্যান আবদুল কাইয়ুমকে প্রকল্প (ইপিজেড) বাস্তবায়নের অনুমতি দেওয়া হয়। ১৯৯৯ সালের ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী রাঙ্গুনিয়া নোয়াগাঁও এলাকায় প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। কিন্তু এরপর দীর্ঘ ১১ বছর পেরোলেও তিনি (আবদুল কাইউম) প্রকল্পের আওতায় কোনো শিল্পকারখানা স্থাপন করেননি। এমনকি অনুমোদনের ছয় মাসের মধ্যে কারখানার জন্য নির্ধারিত জমির উন্নয়নের শর্তও পূরণ করেননি। মুখ্য সচিব আরও বলেন, যথাসময়ে প্রস্তাবিত ভূমির উন্নয়ন ও শিল্প স্থাপনের কাজ শুরু হলে প্রকল্পটি বাস্তবায়নে এত দীর্ঘসূত্রতা হতো না। মুখ্য সচিব জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে জমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। ইতিমধ্যে জরিপকাজ শেষ করে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, অধিকাংশই পাহাড়ি এলাকা হওয়ায় প্রকল্পের আওতাধীন ভূমিতে বিনিয়োগে আগ্রহী লোকজনকে পাহাড় না কেটে শিল্পকারখানা স্থাপন করতে হবে। বৈঠকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক নুরুন্নবী মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) আনিসুর রহমান মিয়া, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের চেয়ারম্যান আবদুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে নুরুন্নবী মৃধা প্রকল্প এলাকা ঘুরে দেখেন।তিনি জানান, প্রাথমিকভাবে ৪০৬ একর জমির ওপর বেসরকারি ইপিজেড প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া মুখ্য সচিবের এক প্রশ্নের জবাবে বলেন, অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানে রাঙ্গুনিয়া বেসরকারি ইপিজেড প্রকল্পের পক্ষ থেকে ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের জন্য প্রায় ২০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। আবদুল কাইয়ুম বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে চীন, তাইওয়ানসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা শিল্পকারখানা স্থাপন করবেন। তাইওয়ানের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রকল্পের আওতায় জুতা ও জুস কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে।