রাঙ্গুনিয়ায় এইডসে চারজনের মৃত্যু আক্রান্ত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় ছড়িয়ে পড়ছে এইডস। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মাধ্যমে এই রোগ ছড়াচ্ছে। বিশেষ করে প্রবাসীদের স্ত্রীরা আক্রান্ত হচ্ছেন বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ছয় বছরে চারজন এইডসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁদের স্ত্রীসহ প্রায় ৩৫ জন আক্রান্ত হয়ে নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন।সূত্র জানায়, ২০০৫ সালের অক্টোবরে পদুয়া ইউনিয়নের এক ব্যক্তির প্রথম এইডস ধরা পড়ে। ২০০৬ সালের এপ্রিলে তিনি মারা যান। ২০০৭ সালের জুলাইয়ে এইডসে আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্ত্রী। ২০০৩ সালে মারা যান চন্দ্রঘোনা ইউনিয়নের কদমতলি গ্রামের এক প্রবাসী। ২০০৭ সালের সেপ্টেম্বরে মারা যান মধ্যপ্রাচ্যফেরত ইসলামপুর ইউনিয়নের এক বাসিন্দা। ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন জানান, ইসলামপুর, রাজানগর, লালানগর ইউনিয়নের বিপথগামী যুবকেরা এইডস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। চন্দ্রঘোনার চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ১৫-১৬ জনের এইডস হয়েছে বলে জেনেছেন তিনি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস বলেন, এখানকার শতকরা ৪০ ভাগ পরিবারের মানুষ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কাজ করেন। তাঁদের অনেকে এইডস রোগে আক্রান্ত হয়ে দেশে আসছেন। তিনি জানান, তাঁর জানা মতে ইতিমধ্যে নগরের দুটি ক্লিনিকে দুজন এবং নিজেদের বাড়িতে দুজন এইডস আক্রান্ত রোগী মারা গেছেন। এ ছাড়া নগরের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সাধীন আছেন ৩০-৩৫ জন। তিনি বিশেষ করে স্থানীয় নারীদের এ ব্যাপারে সচেতন করে তোলার ওপর গুরুত্ব দেন।