রাঙ্গুনিয়ায় এক হাজার কৃষককে সার ও বীজ বিতরণ
রাঙ্গুনিয়ায় খাদ্যনিরাপত্তা গড়ে তুলতে কৃষকদের সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিসেস (আরডিআরএস)। সংস্থাটি ইতিমধ্যে প্রাথমিকভাবে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও পারুয়া ইউনয়নের এক হাজার কৃষককে সার ও বীজ বিতরণ করেছে। সংস্থার প্রকল্প সমন্বয়কারী শওকত হাসান জানান, রাঙ্গুনিয়ায় প্রায় ১৮ হাজার হেক্টরেরও বেশি কৃষি জমি রয়েছে; যা ক্রমেই অকৃষিজমিতে পরিণত হচ্ছে। শুধু ইটভাটার কারণে উপজেলার ইসলামপুর, রাজানগর, লালানগর, হোসনাবাদ, কোদালা ও সরফভাটা ইউনিয়নের বিভিন্ন বিলে ফসলি জমি ও উৎপাদন হ্রাস পাচ্ছে। গুমাইবিলে বসতি গড়ে ওঠায় কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। পাশাপাশি পুরো উপজেলায় প্রায় ২৪ হাজার একরেরও বেশি পাহাড়ি ভূমি রয়েছে; যা একেবারে ন্যাড়া। যেখানে আবাদ করলে ফসলের উৎপাদন বাড়বে। গড়ে উঠবে খাদ্যনিরাপত্তা। ফলে ফসলের উৎপাদন বাড়াতে আরডিআরএস রাঙ্গুনিয়ায় কৃষকদের সহায়তা দিচ্ছে। উৎপাদন বাড়ানোর কৌশল অর্জনে সংস্থাটি গত ১৩ ডিসেম্বর রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলন কক্ষে, ২৮ ডিসেম্বর পোমরা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সচেতনতাবিষয়ক সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সাহাব উদ্দিন খাদ্যনিরাপত্তা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তৃতায় সাহাব উদ্দিন বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে কমছে আবাদি জমি। সেই সঙ্গে হ্রাস পাচ্ছে আবাদযোগ্য জমির মাটির উর্বরতা। হ্রাস পাচ্ছে ফসল উৎপাদনের হার। ক্রমেই হুমকির মুখে পড়ছে দেশের খাদ্যনিরাপত্তা। খাদ্যনিরাপত্তা গড়ে তুলতে হলে মাটির উর্বরতা বাড়িয়ে ফসলের উৎপাদন অবশ্যই বাড়াতে হবে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে টেকসই প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই।