রাঙ্গুনিয়ায় কৃষক হত্যার দায়ে ইউপি সদস্যাসহ গ্রেপ্তার ৩
রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গ্রামের জালাল মিয়ার ছেলে কৃষক নুরুল আমিন ওরফে কালা সোনা হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সামশুন নাহারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। ১ মার্চ সকালে তাঁদের চট্টগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অন্য দুজন হচ্ছেন রাঙামাটি পার্বত্য জেলার কাউখালি উপজেলার সন্ত্রাসীদের ‘দাদাভাই’ হিসেবে পরিচিত কে সুইচা প্রু মারমা (৪৫) ও রাউজানের কুখ্যাত সন্ত্রাসী জিয়ারুল ইসলাম ওরফে জিয়ল্ল্যা।পুলিশ জানায়, নুরুল আমিন ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের ধর্মঘাটা এলাকার পাহাড়ে নিজ খামারে কাজ করতে যান। কিন্তু সন্ধ্যার পর ঘরে ফিরে না আসায় আত্মীয়-স্বজন খোঁজ করে খামারের একটি পাহাড়ে নুরুল আমিনের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ওইদিন রাত ১১টায় নুরুল আমিনের (৫৫) লাশ উদ্ধার করে। নুরুল আমিনের স্ত্রী নাছেরা বেগম বাদী হয়ে পরদিন সকালে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।নাছেরা বেগম জানান, তাঁর স্বামী কৃষক নুরুল আমিনকে উপজাতীয় সন্ত্রাসীরা জবাই করে হত্যা করে। এ তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী উপজাতীয় লোকজনের সঙ্গে কথা বলে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ইসলামপুর ইউনিয়নের খতিবনগর পাহাড় থেকে সন্ত্রাসী জিয়ারুল ইসলাম ওরফে জিয়ল্ল্যাকে গ্রেপ্তার করে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, জিজ্ঞাসাবাদে নুরুল আমিন হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করে জিয়ারুল ইসলাম বলেছেন—নুরুল আমিনের চাচাত ভাই আলী আহমদ এ হত্যাকাণ্ডের মূল হোতা। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিনি উপজাতীয় সন্ত্রাসী দিয়ে নুরুল আমিনকে হত্যা করান। কাউখালির সন্ত্রাসীদের ‘দাদাভাই’ হিসেবে পরিচিত কে সুইচা প্রু মারমার মাধ্যমে ইসলামপুর ইউপি সদস্যা সামশুন নাহার উপজাতীয় সন্ত্রাসীদের ভাড়া করেন। গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে অভিযান চালিয়ে ইসলামপুর ইউনিয়নের খতিবনগর গ্রাম থেকে কে সুইচা প্রু মারমা ও ইউপি সদস্যা সামশুন নাহারকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, উপজাতীয় সন্ত্রাসী কে সুইচা প্রু মারমা ও ইউপি সদস্যা জিয়ারুল ইসলাম, নুরুল আমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ফলে ওই মামলায় তিনজনকেই আসামি করে ১ মার্চ সকালে চট্টগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের মূল হোতা আলী আহমদসহ জড়িত অন্য পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তত্পর রয়েছে।