রাঙ্গুনিয়ায় জমে উঠেছে বিকিকিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় বিপণিকেন্দ্রে এবার রোজার শুরু থেকেই ঈদের কেনাকাটা চলছে। নতুন জামা-কাপড়ের পাশাপাশি গৃহসজ্জার নানা সামগ্রীও কিনছেন ক্রেতারা। ইফতারের পর জমজমাট হয়ে ওঠে বিকিকিনি।রাঙ্গুনিয়ায় ঈদের প্রধান বাজার হচ্ছে পৌর সদরের রোয়াজার হাট। এ ছাড়া দোভাষী বাজার, রানীর হাট, শান্তির হাট, গোচরা বাজার, সরফভাটা ক্ষেত্র বাজার ও পদুয়া বাজারেও চলছে বেচাকেনা।সরেজমিনে গিয়ে দেখা যায়, রোয়াজার হাটের রুবেল সুপার মার্কেট, রাসেল প্লাজা, ডি আর আয়েশা কমপ্লেক্স, মদিনা সুপার মার্কেট, চৌধুরী সুপার মার্কেট, পাগলা মামা সুপার মার্কেট এবং খাজা সুপার মার্কেটের বিক্রয়কেন্দ্র-গুলোতে ক্রেতারা ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ছাড়া দোভাষী বাজারের আলম সুপার মার্কেট, ভাই ভাই শপিং মল, মৌলানা মার্কেট ও চমক ফ্যাশন মার্কেটের বিপণিবিতানগুলোয় ক্রেতা-সমাগম বেড়েছে। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য এসব বিপণিকেন্দ্রগুলো প্রথম রোজা থেকে নানা সাজে আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিটি মার্কেটে আলোকসজ্জার পাশাপাশি তোরণ নির্মাণ করা হয়েছে।মুরাদনগর পৌর এলাকা থেকে রোয়াজার হাটের রুবেল সুপার মার্কেটে শাড়ি কিনতে এসেছেন লায়লা আকতার (২৬)। তিনি বলেন, ‘আমি একটি টাঙ্গাইলের সিল্কের শাড়ি কিনতে চেয়েছি। দাম হাঁকা হয়েছে চার হাজার ২০০ টাকা। দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত বলেছি। কিন্তু দেয়নি। অথচ একই শাড়ি গত বছর দুই হাজার টাকায় বিক্রি হয়েছে।’রাঙ্গুনিয়া মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা আকতার বলেন, ‘আমি মোগলে আজমের একটি থ্রিপিস কিনেছি দুই হাজার ৭০০ টাকায়। বিদেশি জুতা কিনেছি ৯০০ টাকায়। এ ছাড়া ব্যাগ, চুড়ি কিনেছি এক হাজার ৩০০ টাকায়।’ক্রেতারা জানান, এবার ঈদের বাজারে নতুন ডিজাইনের কোনো শাড়ি বা থ্রিপিস নেই। তার পরও দাম গত বছরের তুলনায় বেশি। রোয়াজার হাটের রাসেল প্লাজার মালিক মো. রাসেল জানান, রাসেল প্লাজায় এবার ঈদের যাবতীয় কেনাকাটার সুযোগ রয়েছে। এই শপিং সেন্টারে কাপড়চোপড়, জুতা ও প্রসাধনসামগ্রীর চারটি কর্নার রয়েছে। সবার চাহিদার দিকে খেয়াল রেখে পণ্য আনা হয়েছে। এক দামে পণ্য বিক্রির ব্যবস্থা থাকায় দাম নিয়ে ক্রেতাদের ঠকার কোনো সুযোগ নেই। রোয়াজার হাটের বাদশা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বাদশা আলম জানান, তাঁর দোকানে নানা ধরনের দেশি-বিদেশি বাহারি প্রসাধনী ও লেডিসসামগ্রী রয়েছে। নিম্ন থেকে উচ্চবিত্তদের চাহিদামতো পণ্য এখানে রয়েছে। ফলে রোজার শুরু থেকে ঈদের কেনাকাটা চলছে। প্রতিবছর ১৫ রোজার পর কেনাকাটা শুরু হলেও এবার রোজার শুরু থেকেই কেনাকাটা শুরু হয়েছে বলে তিনি জানান।দোভাষী বাজারের আলম মার্কেটের বাটা বাজারের মালিক সাইফুল ইসলাম জানান, এবার ঈদের কেনাকাটা অন্য বছরের তুলনায় আগেই শুরু হয়েছে। চাকরিজীবীরা রোজার শুরুতে বেতন পাওয়ায় হয়তো ঈদের কেনাকাটা সেরে ফেলছেন।