রাঙ্গুনিয়ায় ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারা
রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় জনমনে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। দুই সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন স্থানে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় লোকজন। পালা করে এই পাহারা চলে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক আবদুস ছালাম জানান, দুই সপ্তাহ ধরে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া, সরফভাটা ও শিলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডাকাত নামার খবর পেয়ে অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গত ২৫ জুন রাতে পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া থেকে স্থানীয় লোকজন ডাকাত সন্দেহে সাত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁরা হলেন কলিম উল্লাহ (৩০), মোহাম্মদ সৈয়দ (৩৩), মোহাম্মদ তোহা (২৫), নুর আলম (২৮), মোহাম্মদ হোসেন (২৫), আবদুস ছালাম (৩০) ও মোহাম্মদ কামাল (৩৮)। এঁরা মিয়ানমারের নাগরিক।শিলক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী ওরফে আইয়ুব খান বলেন, গত ২৬ জুন রাতে ইউনিয়নের নারিশ্চা এলাকায় ডাকাত নামে। লোকজন ছুটে গিয়ে তাড়া করলে ডাকাতেরা পালিয়ে যায়। ওই দলে ৭০ থেকে ৮০ জন ডাকাত ছিল ধারণা করছে গ্রামবাসী। এরপর থেকে ডাকাত আতঙ্কে এলাকার মানুষ প্রতিদিন গভীর রাত পর্যন্ত ঘরবাড়ি পাহারা দিচ্ছে। সরফভাটা ইউনিয়নের মাতব্বরপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩১) বলেন, গত ২৮ জুন রাত ১১টায় একটি ডাকাত দল গ্রামে হানা দেয়। কিন্তু গ্রামের লোকজন তাড়া করলে ডাকাতেরা পালিয়ে যায়। এর পর থেকে গ্রামে ডাকাত আতঙ্ক দেখা দেয়। জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন গ্রামে ডাকাতের ভয়ে লোকজন সন্ধ্যা সাতটা থেকে লাঠি, বাঁশি নিয়ে মশাল জ্বালিয়ে ডাকাত পাহারা দিচ্ছে। ভোর চারটা পর্যন্ত পালা করে এ পাহারা চলছে। পুলিশও এতে সহযোগিতা করছে। এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মনজুর মোর্শেদ বলেন, পদুয়া ও সরফভাটা ইউনিয়নের প্রত্যন্ত এলাকাজুড়ে ডাকাত আতঙ্ক বিরাজ করলেও কোথাও ডাকাতি হয়নি। আর পদুয়ায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক হওয়ায় বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ সালের ১৪ ধারায় তাঁদের চট্টগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।