রাঙ্গুনিয়ায় দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়ন বৈধ
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী কামরুল ইসলাম চৌধুরী, শাহাজাহান সিকদার ও কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সামাদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ৪ জানুয়ারি বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর আলম চৌধুরীর দ্বৈত বেঞ্চ তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বাছাইপর্বে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে আদালত এ ঘোষণা দেন।সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর বাছাইপর্বে পৌরসভার উন্নয়নকাজে চুক্তিবদ্ধ থাকায় উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র পদপ্রার্থী শাহাজাহান সিকদার ও হলফনামায় সই না থাকায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সামাদ খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে, মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্রে প্রদত্ত স্নাতক পাস পরীক্ষার নম্বরপত্রে তারতম্যের কারণে পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রাঙ্গুনিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘কামরুল ইসলাম চৌধুরী, শাহাজাহান সিকদার ও আবদুস সামাদ খানের মনোনয়নপত্র উচ্চ আদালতে বৈধ ঘোষণার বিষয়টি মুঠোফোনে তাঁরা আমাকে জানান। তবে এসংক্রান্ত আদেশপত্র এখনো আমার হাতে পৌঁছায়নি। আদেশপত্র পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’