রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ছে বন
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ি এলাকায় আগুন লাগিয়ে বন ধ্বংস করছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত ও সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির মূল্যবান চারাগাছও পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৬০০ হেক্টর বন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার পারুয়া, লালানগর, হোসনাবাদ, চন্দ্রঘোনা, কদমতলী, উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, কোদালা, শিলক, সরফভাটা, বেতাগী ইউনিয়ন, রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক, ইছাখালী, জাকিরাবাদ ও নোয়াগাঁও এলাকার প্রাকৃতিক বন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জমির পরিমাণ প্রায় ২১০ হেক্টর হবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।পোমরা ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের একরাম হোসেন (৪৭) জানান, জিয়ানগর এলাকার পাহাড়ে চলতি মাসের শুরু থেকে দিনে ও রাতে আগুন দিয়ে প্রায় ৭০ থেকে ৮০ হেক্টর জমির বনাঞ্চল পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে সামাজিক বনায়নের প্রায় ২০ হাজার গাছের চারা পুড়ে গেছে। পদুয়া ইউনিয়নের খাজারটিলা গ্রামের খাইরুল আলম (৩৮) জানান, খুরুশিয়া, সুখবিলাস, নারিশ্চা, দুধপুকুরিয়াসহ সংরক্ষিত বনের বিভিন্ন এলাকায় পাহাড়ি জমি দখল করে দুর্বৃত্তরা আগুন দিয়ে প্রাকৃতিক বন ধ্বংস করছে। এ পর্যন্ত প্রায় ১২০ হেক্টর জমির বন আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। নষ্ট হয়ে গেছে সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের ৭০ থেকে ৭৫ হাজার চারাগাছ। উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, উপজেলার প্রত্যন্ত এলাকার পাহাড়গুলোতে প্রতিবছর বন ধ্বংস করেই প্রায় ৮০০ থেকে ৯০০ হেক্টর জমিতে আদা ও হলুদ চাষ করা হয়। চলতি মৌসুমেও চাষের জন্য আগুনে পুড়িয়ে বন পরিষ্কার শুরু করেছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘আগুনে পুড়িয়ে প্রাকৃতিক বন ধ্বংস করা হলেও গাছের তেমন ক্ষতি হচ্ছে না। তাই এ ব্যাপারে আমরা কখনো পদক্ষেপ নিইনি। আর পদক্ষেপ নিবই বা কীভাবে এসব দুর্বৃত্তরা মারমুখী।’ দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক কৃষ্ণপদ সাহা জানান, আদা বা হলুদ চাষ যাই করুক আগুনে বন পুড়ে ছাই হয়ে গেলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। তা ছাড়া সংরক্ষিত বনাঞ্চল ও সামাজিক বনায়নের জমিতে তো এসব করার নিয়ম নেই। অতএব এ কাজ প্রতিরোধ করা জরুরি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।