রাঙ্গুনিয়ায় ন্যাড়া পাহাড়ে আদা চাষে ঝুঁকছেন চাষিরা। এতে চাষিরা লাভবান হলেও ঘটছে প্রাকৃতিক বিপর্যয়। এ ছাড়া একবার যে পাহাড়ে আদা চাষ করা হয়, সেখানে তিন-চার বছর কোনো ফলন হয় না।জানা যায়, একবার আদা চাষের জন্য মাটি তিন থেকে চারবার গভীরভাবে খুঁড়তে হয়। আদা তোলার সময় আরেক দফা খোঁড়া হয়। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় বর্ষাকালে। বৃষ্টির পানির তোড়ে তখন আলগা করা পাহাড়ের মাটি নেমে আসে ফসলি জমিতে। এতে ভরাট হচ্ছে ফসলি জমি। হারাচ্ছে উর্বরতা। আর মাটি ক্ষয়ে পাহাড় নিচু হচ্ছে।রাঙ্গুনিয়া কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন জানান, আদার মধ্যে রয়েছে কার্বলিক এসিড। এর কারণে একবার যে জায়গায় আদা চাষ করা হয়, সে জায়গায় তিন থেকে চার বছর ফলন হয় না, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এ প্রক্রিয়ায় আদা চাষ ক্রমেই ডেকে আনছে প্রাকৃতিক বিপর্যয়।ইছাখালি গ্রামের আদাচাষি মো. সেলিম, আনোয়ার, দিদার ও ফজল করিম এ প্রসঙ্গে বলেন, একবার যে জমিতে আদা চাষ করা হয়, সে জমিতে তিন থেকে চার বছর ফলন হয় না। আলগা করা পাহাড়ি মাটি বৃষ্টির পানির তোড়ে সমতল ভূমিতে গিয়ে পড়ে, এটা সত্য। তাঁরা বলেন, ‘আদা চাষ লাভজনক হওয়ায় চাষ করি। কিন্তু এর চেয়ে দ্বিগুণ ক্ষতি হচ্ছে, সেটা ভাবিনি।’ এ ব্যাপারে চাষিদের সচেতন করে তোলা দরকার বলে তাঁরা মনে করেন।উপজেলার কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘পাহাড়ি ভূমি আদা চাষের জন্য নয়, বনায়নের জন্য। কিন্তু রাঙ্গুনিয়ার পাহাড়ে এখন তেমন কোনো বন নেই। প্রায় ন্যাড়া হয়ে পড়ে আছে পাহাড়ি ভূমি। এ সুবাদে চাষিরা ইচ্ছামতো পাহাড়ে আদা চাষ করে চলেছেন। কারণ, আদা চাষ লাভজনক। কিন্তু চাষিরা একবারও ভাবেননি, আদা চাষে লাভের অন্তরালে ক্ষতির পরিমাণ অনেক বেশি।’ তিনি বলেন, ‘পাহাড়ে আদা চাষ না করে সমতল ভূমিতে করা যায়। এ ছাড়া রাঙ্গুনিয়ায় এমন অনেক জমি রয়েছে, যেখানে বোরো চাষাবাদ ও রবিশস্য হয় না—সেসব জমিতে আদা চাষ করা যায়।’এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘পাহাড়ে আদা চাষ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করছে। প্রাকৃতিক বিপর্যয় শুরু হওয়ার আগে সেখান থেকে সরে আসতে হবে।’