রাঙ্গুনিয়ায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চলছে গবাদিপশু জবাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার সব হাট-বাজারে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চলছে গবাদিপশু জবাই। এসব হাট-বাজারের কোথাও সুনির্দিষ্ট কোনো জবাইখানা নেই। ফলে অ্যানথ্রাক্সসহ নানা রোগে আক্রান্ত গবাদিপশু জবাইয়ের ঝুঁকি যেমন রয়েছে তেমনি পশুর বর্জ্যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। মশা, মাছিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। স্থানীয় লোকজন জানান, সমপ্রতি দেশে অ্যানথ্রাক্স রোগের (গরুর তড়কা রোগ) প্রাদুর্ভাব দেখা গেলেও রাঙ্গুনিয়ার হাট-বাজারগুলোতে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু-মহিষ ও ছাগল জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনিক তদারকির কোনো ব্যবস্থাও নেই।স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলা সদর রোয়াজারহাট, দোভাষি বাজার, রানীরহাট, শান্তিরহাট, গোচরা বাজার, ধামাইরহাট, মোগলেরহাট, রাজারহাট, ক্ষেত্রবাজার, মরিয়মনগর বিয়ান বাজার ও কোদালা বাজারে প্রতিদিন গরু-মহিষ ও ছাগল জবাই করে মাংস বিক্রি করা হয়। কোনো জবাইখানা না থাকায় হাট-বাজারের কাছে যে যেখানে পারছেন সেখানেই এসব পশু জবাই করে উচ্ছিষ্ট মাংস, রক্ত, গোবর ছড়িয়ে ছিটিয়ে রাখছেন। এসব বর্জ্যের দুর্গন্ধ ছড়ায় এলাকার সর্বত্র। মশা-মাছির মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে এসব বর্জ্যের বিষাক্ত জীবাণু। ফলে হাট-বাজারের আশপাশে বসবাসকারী মানুষ হাঁপানি, জন্ডিস, যক্ষ্মা, ডায়রিয়া, আমাশয়সহ নানা রোগে ভোগেন সারা বছর। বর্তমানে দেশের বিভিন্ন এলাকার মানুষ গরু, ছাগলের মাংস খেয়ে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হলেও রাঙ্গুনিয়ায় এ ব্যাপারে সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।রোয়াজারহাটের মাংস বিক্রেতা শাহ আলম এ প্রসঙ্গে বলেন, ‘হাটে সুনির্দিষ্ট কোনো জবাইখানা তৈরি হয়নি। তাই যেখানে জায়গা পাওয়া যায় সেখানে পশু জবাই করে বর্জ্য ফেলা হয়।’ গবাদিপশু পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে তাঁদের তেমন কিছু জানা নেই বলে তিনি জানান। তিনি বলেন, ‘অ্যানথ্রাক্স সম্পর্কে শোনা গেলেও সেটা কী রকম রোগ আমার জানা নেই।’ তবে অ্যানথ্রাক্স রোগের খবর ছড়িয়ে পড়ায় ক্রেতারা গরুর মাংস কেনা কমিয়ে দিয়েছেন। ফলে গরুর মাংস প্রতি কেজি ৩০০ টাকা থেকে কমে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ইদ্রিছ আলী জানান, অ্যানথ্রাক্স প্রতিরোধে সরকারের বিশেষ সতর্কতা (রেড এলার্ট) রাঙ্গুনিয়ায় বলবৎ রয়েছে। উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি ক্যাম্পের মাধ্যমে প্রাথমিকভাবে ১২ হাজার গরুকে প্রতিষেধক (ভ্যাকসিন) দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপজেলার কোনো হাট-বাজারে সুনির্দিষ্ট কোনো জবাইখানা নেই। ফলে জবাইয়ের আগে গবাদিপশুর পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না।’ তবে রাঙ্গুনিয়ায় এখনো কোনো অ্যানথ্রাক্স রোগাক্রান্ত গবাদিপশু, পাখি ও মানুষের সন্ধান পাওয়া যায়নি বলে তিনি জানান। রোয়াজারহাট ও দোভাষি বাজারের মাংসের দোকানগুলো পরিদর্শনের সময় ক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাঙ্গুনিয়ায় যেসব গরুকে প্রতিষেধক দেওয়া হয়েছে সবই গৃহপালিত। কিন্তু হাট-বাজারে যেসব গরু জবাই করা হয় তার সবই ভারতীয়। আর ভারতীয় গরুই অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সচেতন ক্রেতারা গরুর মাংস খাওয়া বন্ধ করে দিলেও অনেকে না বুঝে এসব মাংস কিনে খাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গবাদিপশু জবাইয়ের বিরুদ্ধে উপজেলার সব হাট-বাজারে অভিযান চালানো হবে। পশু জবাইয়ের আগে পশুসম্পদ কার্যালয়ের ছাড়পত্র নেওয়ার বিষয়ে মাংস বিক্রেতাদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হবে। এ ছাড়া যত্রতত্র গবাদিপশু জবাই না করে সুনির্দিষ্ট জবাইখানায় পশু জবাইয়ের পর বর্জ্য সংরক্ষণের ব্যাপারেও কসাইদের উদ্বুদ্ধ করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘যত্রতত্র ও খোলা পরিবেশে পশু জবাইয়ের কারণে হাট-বাজারের আশপাশের এলাকায় হাঁপানি, জন্ডিস, যক্ষ্মা, আমাশয় ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসকেরা সতর্ক রয়েছেন।’