রাঙ্গুনিয়ায় পাঁচ হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে শিলক রাবারড্যাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার শিলক ও পদুয়া ইউনিয়নের প্রায় পাঁচ হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে শিলক খালের ওপর নির্মিত রাবারড্যাম প্রকল্প। এর আওতায় দুই ইউনিয়নের ১১ বিলের দেড় হাজার হেক্টর জমিতে ধানচাষ করছেন কৃষকেরা। তাঁরা জানান, ২০০৭ সালে বোরো মৌসুমে রাবারড্যাম প্রকল্প থেকে সেচযন্ত্রের সাহায্যে শিলক ইউনিয়নের তৈলাভাঙ্গা, রাজাপাড়া, ফিরিঙ্গিখীল, তেলীপাড়া, নটুয়ারটিলা, মিনাগাজী বিল ও পদুয়া ইউনিয়নের নারিশ্চা, সাপলেজা, হরিহর, পদুয়া ও ত্রিপুরা সুন্দরী বিলে পানি সরবরাহ শুরু হয়। অথচ এর আগে সেচের অভাবে এসব বিলে বোরো চাষাবাদ হতো না। অনাবৃষ্টির কারণে আমন চাষাবাদও ব্যাহত হতো। শিলক ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, শিলক ও পদুয়া ইউনিয়নের কৃষকেরা এসব বিলে চাষাবাদের জন্য নিজ খরচে প্রতি শুষ্ক মৌসুমে মরমের মুখ নামক স্থানে শিলক খালে বাঁধ দিত। এতে কিছু জমিতে সামান্য সময়ের জন্য সেচ দিয়ে চাষাবাদ করলেও বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকে যেত। চাষ করলেও লাভের মুখ দেখত না। বৃষ্টি শুরু হলে পাহাড়ি ঢলে ওই বাঁধ কর্ণফুলী নদীতে মিশে যেত। তাই প্রতিবছর চাষাবাদের পানি সরবরাহের আবেদন নিয়ে তাঁদের ছোটাছুটি করতে হতো উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে। উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তা হাসান আলী জানান, কৃষকদের আবেদনের পর স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রাবারড্যাম প্রকল্প স্থাপনের কাজ শুরু করে ২০০৫ সালের ২৬ জুন। শিলক মরমের মুখ নামক স্থানে ক্ষুদ্র পানিসেচ ও উন্নয়ন প্রকল্পের অধীনে এর ব্যয় ধরা হয় প্রায় তিন কোটি ৬৯ লাখ টাকা। ২০০৭ সালের মাঝামাঝিতে শেষ হয় প্রকল্পের কাজ। নেদারল্যান্ডের প্রযুক্তি ও ৬৫ ভাগ আর্থিক সহায়তায় স্থাপিত এ প্রকল্পে বাংলাদেশ সরকারের অংশ ১৭ ভাগ। স্থানীয় পাঁচ হাজার কৃষকের অংশ ১৮ ভাগ, যাঁরা উপকারভোগী হিসেবে এর সুফল ভোগ করছেন। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রথম বছরে রাবারড্যাম প্রকল্প থেকে শিলক তৈলভাঙ্গা বিলের প্রায় ৯০০ হেক্টর জমিতে সেচ দিয়ে বোরো চাষাবাদ করা হলেও পরবর্তী বছরে এর পরিধি বেড়েছে। চলতি মৌসুমে শিলক ও পদুয়া ইউনিয়নের ১১ বিলে প্রায় দেড় হাজার হেক্টর জমি সেচের আওতায় আনা হয়েছে। চলতি মৌসুমে এসব বিলে বোরো চাষাবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। রাবারড্যাম প্রকল্পের পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিরাজুল হক জানান, রাবারড্যাম প্রকল্পের পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন কৃষক নিজেই। ফলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষেতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে। বাড়ছে সেচের পরিধি। পর্যায়ক্রমে কমছে সেচ করও। ফলে কৃষক এ প্রকল্প থেকে ক্রমেই লাভবান হচ্ছেন। অপরদিকে, শুষ্ক মৌসুমে প্রকল্পের বিস্তীর্ণ এলাকায় দেশি প্রজাতির মাছচাষ করে কৃষক বাড়তি লাভের সুযোগ পাচ্ছেন। তাঁদের দুর্দিনের জন্য লাভ থেকে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় রাখা হচ্ছে। এতে কৃষকের ভাগ্য বদলে যেতে শুরু করেছে। পদুয়া বিলের কৃষক ফয়েজ আহমদ বলেন, ‘জমি থেকেও যখন পানির অভাবে চাষাবাদ করতে পারতাম না তখন আমরা পুরো বছর খেয়ে না খেয়ে দিন কাটাতাম। শুকনো মৌসুমে ভাতের সংকটে ভুগতাম। এখন রাবারড্যাম প্রকল্পের সুবাদে পানি পাওয়ায় শুষ্ক মৌসুমে জমি আর খালি পড়ে থাকে না। আমন ধানের পাশাপাশি বোরো ধান পাওয়ায় ভাতের সংকট কেটে গেছে আমাদের। বরং বছরের প্রয়োজনীয় ধান গোলায় রেখে বাকি ধান বিক্রি করে হাতে টাকা পাই আমরা। এ ছাড়া প্রতি শুষ্ক মৌসুমে প্রকল্পের মাছ বিক্রির লাভের টাকাও পাওয়া যায়। এতে আর অভাবে পড়তে হচ্ছে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, রাবারড্যাম প্রকল্পের আওতায় সেচ দিয়ে শিলক ও পদুয়া ইউনিয়নের প্রায় পাঁচ হাজার কৃষক ১১টি বিলে বছরে দুবার ধানচাষের পাশাপাশি সবজি উৎপাদন করছেন। উৎপাদিত ধান ও সবজি বিক্রি করে তাঁরা আগের চাইতে লাভবান হচ্ছেন। প্রকল্পের মাছচাষ কৃষকদের স্বাবলম্বী করে তুলছে। গত তিন বছরে এসব বিলের কৃষকদের ভাগ্য অনেকটা বদলে গেছে বলে জানান তিনি।