রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানের বরজে অজ্ঞাত রোগ দেখা দিয়েছে। এ রোগে ইতিমধ্যে ২০০ একর বরজের পান নষ্ট হয়ে গেছে। কীটনাশক ও সার দিয়েও রোগ না সারায় চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। চাষিরা জানান, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর, চন্দ্রঘোনা কদমতলি ও স্বনির্ভর ইউনিয়নে প্রায় দেড় হাজার একর জমির পানের বরজ রয়েছে। এসব এলাকার প্রায় চার হাজার মানুষ পান চাষের ওপর নির্ভরশীল। কিন্তু গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা বর্ষণের পর হঠাৎ এসব এলাকার পানের বরজে অজ্ঞাত রোগ দেখা দেয়। এতে প্রায় ২০০ একর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে। রোগ সম্পর্কে চাষিরা জানান, শুরুতে পানপাতা কালচে রং ধারণ করে। এরপর কাণ্ড পচে পুরো পানগাছ মরে যাচ্ছে। এ ধরনের রোগ পানের বরজে আর কখনও দেখা যায়নি। ফলে রোগ সম্পর্কে তাঁদের ধারণা নেই। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ডাইথন নামক কীটনাশক ও জৈব সার প্রয়োগেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, মড়কআক্রান্ত পানের বরজ আগুনে ঝলসে যাওয়ার মতো হয়েছে। নিরুপায় হয়ে অনেক চাষি পানের বরজ ভেঙে অন্য ফসল আবাদ করতে শুরু করেছেন। মরিয়ম নগর ইউনিয়নের মরমপাড়া গ্রামের পানচাষি আবু বক্কর বলেন, ‘৩০ শতক জমির পানের বরজ রয়েছে আমার। যা থেকে বছরে তিন লাখ টাকারও বেশি আয় হয়। মড়কে পুরো বরজ নষ্ট হওয়ায় পাঁচ-ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে।’মরমপাড়া গ্রামের শহর মুল্লুক, রশিদিয়াপাড়া গ্রামের আবু ছৈয়দ ও কদমতলি গ্রামের ফরিদ আহমদ বলেন, ‘মড়কে পানের বরজ নষ্ট হওয়ায় নিঃস্ব হয়ে গেছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পান চাষ করেছি। কিন্তু মড়কে পানের বরজ নষ্ট হওয়ায় ঋণ শোধ করব কিভাবে?’ এ প্রসঙ্গে উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা উত্তম কুমার বলেন, তিন ইউনিয়নের প্রায় ৫০০ একর জমির পানের বরজ রোগাক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০-৬০ একর জমির পানের বরজ নষ্ট হয়ে গেছে। আক্রান্ত পানের বরজে চাষিদের ডাইথন ও জৈব সার প্রয়োগের পরামর্শ দেওয়া হলেও রোগ নতুন হওয়ায় সামাল দিতে কষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পানের বরজে এ ধরনের নতুন রোগ দেখা দিতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘বর্ষায় পানের বরজে সাধারণত ছত্রাক জাতীয় মড়ক দেখা দেয়। যা ডলুচুন ব্যবহারে নির্মূল হয়। কিন্তু এ মড়ক অন্যরকম। ফলে ইউনিয়ন পর্যায়ে দায়িত্বে থাকা কৃষি উপসহকারীদের সতর্কতার সঙ্গে মড়ক মোকাবিলার পরামর্শ দেওয়া হয়েছে।’