রাঙ্গুনিয়ায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে
এবারের এইচএসসি পরীক্ষায় রাঙ্গুনিয়ায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। তবে একটি কলেজ ও তিনটি মাদ্রাসা থেকে অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছেন। উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার নয়টি কলেজ থেকে ৯৫৪ জন অংশ নেন। পাস করেন ৬৭৪ জন। পাসের হার ৭০ দশমিক ৫৭। কিন্তু গতবার পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৩। তবে এবারও শতভাগ পাস করে পদুয়া ডিগ্রি কলেজ তৃতীয়বারের মতো শতভাগ পাসের গৌরব লাভ করেছে। এ কলেজ থেকে এবার অংশ নেওয়া ২৮ জনের সবাই পাস করেছেন। তবে ওই কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। জিপিএ-৫ পেয়েছে রাঙ্গুনিয়া মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল কাউছার ও সুমি দাশ। রাঙ্গুনিয়া কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাকেরা বেগম ও শিলক এম শাহ আলম চৌধুরী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ফাতেমা বেগম। আর গতবার উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ জন। এ ছাড়া উপজেলার সাতটি মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ১৯১ জন অংশ নেন। পাস করেন ১৮৪ জন। পাসের হার ৯৬ দশমিক ৩৩। গতবার পাসের হার ছিল ৯৭ দশমিক ৭৬ । তবে রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় অংশ নেওয়া ৬৬ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। ওই মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থী মো. খোরশেদ আলম, মো. ইসকান্দর আলম, মো. মোমেনুর রশিদ ও মো. রাশেদ। পোমরা জামেয়া-ই-নঈমিয়া তৈয়বিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১৭ শিক্ষার্থী এবং মরিয়মনগর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১৬ শিক্ষার্থীর সবাই পাস করেছেন। চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার মানবিক বিভাগের শিক্ষার্থী জাগের হোসেন ইমরান, কাজী ইব্রাহিম ও শেহাব উদ্দিন জিপিএ-৫ পেয়েছেন। অথচ গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৯ জন।রাঙ্গুনিয়া মহিলা কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া সুমি দাশ জানান, ‘আমার ফলাফল আশাতীত হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ গতবারের চেয়ে কম হলেও সার্বিক ফলাফল ভালো হয়েছে।’ রাঙ্গুনিয়া কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ফাতেমা বেগম বলেন, ‘আশা অনুযায়ীই ফল হয়েছে আমার। তবে প্রশ্নপত্র গতবারের চেয়ে এবার একটু কঠিন হওয়ায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে বলে মনে হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এবারের এইচএসসি ও দাখিল পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমলেও একটি কলেজ ও তিনটি মাদ্রাসার সার্বিক ফলাফল ভালো হয়েছে। এর মধ্যে রাঙ্গুনিয়া মহিলা কলেজের ফলাফল সবচেয়ে ভালো হয়েছে। সবচেয়ে খারাপ করেছে শিলক মহিলা কলেজ। আলিম পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল হয়েছে আলম শাহ পাড়া কামিল মাদ্রাসার। খারাপ হয়েছে রানীরহাট আল আমিন ফাজিল মাদ্রাসার।