রাঙ্গুনিয়ায় পাহাড়ে গাঁজা চাষ!
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে গাঁজার চাষ হচ্ছে। পাঁচ-ছয় বছর ধরে ্পাহাড়ি আদিবাসীসহ স্থানীয় লোকজন এসব গাঁজা চাষ করছে।২০ নভেম্বর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পদুয়া ইউনিয়নের হরিহর গ্রামের পাহাড়ি এলাকা থেকে গাছসহ চার গাঁজাচাষিকে আটকের পর এ তথ্য বেরিয়ে আসে। আটক ব্যক্তিদের পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পদুয়া, কোদালা, শিলক, সরফভাটা, পোমরা, বেতাগী, চন্দ্রঘোনার কদমতলী, হোছনাবাদ, লালানগর, ইসলামপুর, রাজানগর ও পারুয়া ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি এলাকায় গাঁজার চাষ হচ্ছে। পাহাড়ি আদিবাসী, দেশের বিভিন্ন এলাকা থেকে এসে বসতি স্থাপনকারী লোকজন এবং স্থানীয় অনেকে এ গাঁজা চাষের সঙ্গে জড়িত।পুলিশ জানায়, ২০ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী একদল পুলিশ নিয়ে পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় গাঁজা চাষের অভিযোগে হরিহর গ্রামের মৃত আলী আহমদের ছেলে জেবল হোসেন, কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক এলাকার হূষিকেশ ঘোষের ছেলে দীলিপ চন্দ্র ঘোষ, কোদালা চা-বাগানের মৃত শ্যামাচরণ আকুড়ের ছেলে সজল আকুড়ে ও মৃত হেমন্ত দাশের ছেলে সুমন দাশকে আটক করা হয়। তাঁরা সবাই পাহাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করছেন। তবে সাত হাজার টাকা জরিমানা আদায় করে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক জেবল হোসেন জানান, গত পাঁচ-ছয় বছর তিনি হরিহর গ্রামের পাহাড়ে গাঁজা চাষ করে আসছেন। এ বছর প্রায় ১৬ শতক জমিতে গাঁজা চাষ করেছেন। গাঁজা চাষ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করার কথা স্বীকার করেন আটক হওয়া অন্য তিনজনও। কোদালা চা-বাগানের শ্রমিক সজল আকুড়ে বলেন, ‘গাঁজা চাষ নিষিদ্ধ, তা জানা সত্ত্বেও গাঁজা চাষ করি। কারণ, আশপাশের অনেকের কাছে গাঁজার বেশ চাহিদা রয়েছে। তা ছাড়া গাঁজা চাষ থেকে সারা বছরের সংসারের খরচ জোগানো হয়।’ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ পাহাড়ে গাঁজা চাষের কথা স্বীকার করে জানান, কয়েক বছর ধরে রাঙ্গুনিয়ার সর্বত্র গাঁজা সেবনকারীর সংখ্যা বেড়েছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে অনেক সেবনকারী ও বিক্রেতাকে আটক করে জেলেও পাঠানো হয়। ইউএনও প্রথম আলোকে জানান, রাঙ্গুনিয়ায় গাঁজার ব্যাপক বিস্তার ঘটলেও এ গাঁজা কোথা থেকে আসত, তা অজানা ছিল। চার গাঁজাচাষিকে আটকের পর এখানেই গাঁজা উৎপাদনের তথ্য বেরিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তাঁরা উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় গাঁজা চাষের তথ্য দেন, যা রীতিমতো শিহরণ জাগানোর মতো। আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, কৌশলগত কারণে সাত হাজার টাকা জরিমানা আদায় করে তাঁদের ছাড়া হয়েছে। বর্তমানে উপজেলার অন্যান্য পাহাড়ি এলাকায় আরও গাঁজা চাষের সন্ধান নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।