রাঙ্গুনিয়ায় পুকুর দখলের চেষ্টা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটে ২১ ডিসেম্বর শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে পুকুরপাড়ের একটি বাগানকে তছনছ করেছে। পুকুরের মালিক মৃত আবদুল হামিদের স্ত্রী আয়েশা খাতুন অভিযোগ করেন, এই হামলায় নেতৃত্ব দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য কুতুব উদ্দিন চৌধুরী। এলাকাবাসী জানান, শুক্রবার এলাকার মানুষ যখন জুমার নামাজে ব্যস্ত, তখন দুর্বৃত্তরা অতর্কিতে এসে শান্তির দিঘির (ঘোষের দিঘি) পাড়ের বাগানের গাছ কাটতে শুরু করে। পরে পুকুরের মালিক খবর পেয়ে রাঙ্গুনিয়া থানাকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে আসার খবর পেয়ে দুর্বৃত্তরা কাটাগাছগুলো রেখে পালিয়ে যায়। আয়েশা বেগম জানান, বৃক্ষ নিধনের নেতৃত্বদানকারী কুতুব উদ্দিন চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে। গাছ ও দিঘি রক্ষায় তিনি কুতুব উদ্দিনের বিরুদ্ধে থানায় একাধিক ডায়েরি করেছেন। আদালতে কুতুব উদ্দিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও রয়েছে। তারপরও শুক্রবার তিনি পুকুরটি দখলের চেষ্টা করেছেন। সরেজমিনে দেখা যায়, দিঘির পাড় থেকে আম, জাম, নারিকেল, সুপারি, তালগাছসহ ১৯টি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। কাটা গাছগুলো পড়ে আছে দিঘির পাড়েই। আয়েশা বেগম বলেন, ‘রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার হাজারী দিঘিটি আমি ও আমার সন্তানেরা মালিক হিসেবে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কুতুব উদ্দিনকে কয়েক বছর আগে গাছ কাটার অপরাধে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, ওই সময় তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য কুতুব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাজারী পরিবারের পূর্বসূরি থেকে এ দিঘি আমি কিনেছি। আমার কাছে দলিলপত্রও আছে। সে সূত্রে দিঘি দখল নেওয়ার এখতিয়ার আমার আছে।’রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘ঘটনার প্রাথমিক তদন্তে কুতুব উদ্দিন চৌধুরী কর্তৃক বিধবার দিঘির পাড় থেকে গাছ কেটে ফেলার সত্যতা পাওয়া গেছে।’ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ মূর্শেদ বলেন, ‘অপরাধী যেই হোক না কেন ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’