রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী নারীর জমি দখল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের কাউখালী গ্রামে প্রতিবন্ধী নারীর বন্দোবস্তি পাওয়া জমি দখল নিতে গিয়ে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ২১ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কাউখালী গ্রামের জামাল উদ্দিনের শারীরিক প্রতিবন্ধী স্ত্রী খুরশিদা বেগম দেড় বছর আগে ওই গ্রামের মাওলানা বাড়ি এলাকায় ৩৭ শতক খাসজমি বন্দোবস্তি পান। ২১ জুলাই সন্ধ্যা ছয়টায় তিনি স্বামী জামাল উদ্দিন ও দেবর সাইফুদ্দিনকে নিয়ে ওই জমিতে বেড়া দিতে যান। এ সময় স্থানীয় কিছু লোক দা, কিরিচ ও লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে খুরশিদা বেগম (৩০), জামাল উদ্দিন (৪০) ও সাইফুদ্দিন (৩৬) গুরুতর আহত হন। এ ঘটনায় গ্রামের একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে হামলাকারীদের পাল্টা মারধর করে। এতে মো. হারুন (৩৭), ইউছুপ (৩৫), আইনুল হক (২৫), শওকত (৩০), শাহ আলম (২৬), আবুল খায়ের (২২), সাইফুল ইসলাম (২২), সাইফুল আলম (২৪) বাহার মিয়া (২৮), মো. ছৈয়দ (৩৩) আহত হন। গ্রামবাসী আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হামলাকারীরা আহত খুরশিদা, তাঁর স্বামী ও দেবরকে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ হাসপাতালে এসে খুরশিদাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে প্রতিবন্ধী খুরশিদা বেগম বলেন, দেড় বছর আগে ভূমিহীন হিসেবে ৩৭ শতক খাসজমি সরকার থেকে তিনি বন্দোবস্তি পান। কিন্তু জমিতে বেড়া দিতে গেলে প্রভাবশালীরা ওই জমি কবরস্থানের জন্য রাখা হয়েছে বলে বাধা দেন। বাধা উপেক্ষা করে বেড়া দেওয়ার কাজ চালালে তারা দা, কিরিচ ও লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আহত মো. হারুন বলেন, ‘ওই জমি স্থানীয় মসজিদ ও কবরস্থানের জন্য রাখা হয়েছে। ওই জমি কাউকে দখল করতে দেওয়া যায় না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী খুরশিদার নামে ওই জমি বন্দোবস্তি দেওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ওই জমি খাস। বন্দোবস্তির আগে কবরস্থানের জন্য কেউ আবেদন করলে বিবেচনা করা সম্ভব হতো। এখন সেই সুযোগ নেই। ওই জমি প্রতিবন্ধী খুরশিদাকে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’