রাঙ্গুনিয়ায় বসতভিটা ও ধানি জমিতে অগ্নিনির্বাপণকেন্দ্র!
রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় অগ্নিনির্বাপণকেন্দ্র (ফায়ার সার্ভিস) স্থাপনের স্থান নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে জনমনে। কেন্দ্রটি স্থাপনের জন্য অধিগ্রহণ করা জমির মালিকেরা জমি দিতে রাজি হচ্ছেন না। এ ব্যাপারে আপত্তির কথা জানিয়ে তাঁরা ৪ মার্চ উচ্চআদালতে মামলা করেছেন। ভূমির মালিক ও স্থানীয় জনসাধারণ কেন্দ্রটি জাকিরাবাদ পৌর এলাকার গোডাউন এলাকায় স্থাপনের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ১৯৯৬ সালে তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী মো. নাসিম রাঙ্গুনিয়া থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানের সময় রাঙ্গুনিয়ায় অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। তখন উপজেলার উত্তর ও দক্ষিণে অবস্থিত ইউনিয়নসমূহে যাতায়াত ও কর্ণফুলী নদী থেকে পানি সংগ্রহের সুবিধার কথা বিবেচনা করে গোডাউন সেতুসংলগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলিলভুক্ত ১ একর ৩২ শতক ভূমির ওপর অগ্নিনির্বাপণকেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ওই স্থানটি পরিবর্তন করে উপজেলা সদর এলাকার ইছাখালিতে কেন্দ্রটি স্থাপনের সুপারিশ করা হয়। পরে তা-ও দীর্ঘসূত্রতার জালে আটকা পড়ে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী জানান, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় কেন্দ্রটির স্থান ইছাখালি থেকে পুনরায় পরিবর্তন করে রাঙ্গুনিয়া থানাসংলগ্ন পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সেই সূত্রে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ২০০৯ সালের এপ্রিলে সৈয়দবাড়ি এলাকার জাফর উল্লাহ, নাসির উদ্দিন, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, জুলফিকার, শাহ আলম, আবুল কাসেম ও এমদাদের মালিকানাধীন ৩৩ শতক ফসলি জমি ও ভিটাভূমি অধিগ্রহণ করেন। এ ব্যাপারে নাজিম উদ্দিন বলেন, কর্তৃপক্ষ আগের অধিগ্রহণ করা খালি জায়গা বাদ দিয়ে অনর্থক আমাদের ফসলি জমি ও ভিটাভূমিতে অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছে। আমরা জমি ও ভিটাভূমি রক্ষা জন্য সেখানে অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে উচ্চআদালতে মামলা করেছি। এদিকে ওই এলাকায় অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মনোভাবও নেতিবাচক। উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত জানান, গোডাউন এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দলিলভুক্ত জমির ওপর অগ্নিনির্বাপণকেন্দ্রটি স্থাপন করলে এলাকার অসহায় ব্যক্তিরা আদৌ ফসলি জমি ও ভিটাহারা হবেন না। বরং কর্ণফুলী নদী থেকে পানি সংগ্রহ করা সহজ হবে। খুব কম সময়ে দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নসহ রাঙ্গুনিয়ার সর্বত্র অগ্নিনির্বাপণের গাড়ি চলাচল সহজ হবে। কিন্তু সৈয়দবাড়ি পৌর এলাকায় হলে অপ্রশস্ত রাস্তা ও অবৈধ স্থাপনার কারণে যোগাযোগ কঠিন হয়ে পড়বে। এ ছাড়া আশপাশে খাল বা নদী না থাকায় কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার দূরের কর্ণফুলী নদী থেকে পানি সংগ্রহও দুরূহ হবে। শিলক ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমও ক্ষোভ প্রকাশ করে বলেন একই কথা। চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকের হোসাইন এ প্রসঙ্গে বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের প্রচেষ্টায় অগ্নিনির্বাপণকেন্দ্রটি স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে আগের নির্দেশনা অনুযায়ী রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় বিএস ৯৬৪ ও ৯৬৭ দাগের ৩৩ শতক ফসলি জমি ও ভিটা ভূমি অধিগ্রহণ করা হয়। তিনি বলেন, ‘আগুন নেভানোর সুবিধা রাঙ্গুনিয়ার সব জায়গায় সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য যেখানে প্রয়োজন সেখানে অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপন করা উচিত। এ ব্যাপারে উপজেলা প্রশাসকের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন পাঠানো যেতে পারে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সৈয়দবাড়ি এলাকায় অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ প্রায় চূড়ান্ত। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কাজ সম্পন্ন হয়েছে। এতে উপজেলা প্রশাসনের হাত নেই। অগ্নিনির্বাপণকেন্দ্র স্থাপনে সুবিধা-অসুবিধার বিষয়ে স্থানীয়ভাবে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ অভিযোগ দিলে প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে তা প্রতিবেদন আকারে পাঠানো হবে।’