রাঙ্গুনিয়ায় বিক্রি হচ্ছে বিনা মূল্যের পাঠ্যবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার হাটবাজারে বিক্রি হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিনামূল্যের পাঠ্যবই। অথচ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে এখনো পৌঁছেনি সব পাঠ্যবই। বই ব্যবসায়ীরা বলছেন, বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বই কিনে তাঁরা বাজারে বিক্রি করছেন।এলাকাবাসী জানান, রোয়াজারহাট, দোভাষি বাজার, শান্তিরহাট, গোচরা বাজার, মোগলেরহাট, ধামাইরহাট, রানিরহাটসহ সব হাটবাজারে বিক্রি হচ্ছে এনসিটিবির বিনামূল্যের পাঠ্যবই। অথচ বিনামূল্যে সরবরাহ করায় সরকার এনসিটিবির পাঠ্যবই ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে। বই ব্যবসায়ীরা জানান, সরকার চাহিদা অনুয়ায়ী পাঠ্যবই সরবরাহ দিলেও সব বিষয়ের পাঠ্যবই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এখনো পৌঁছেনি। ফলে বাজার থেকে পাঠ্যবই কিনতে হচ্ছে শিক্ষার্থীদের। চন্দ্রঘোনা দোভাষি বাজারের লিটন বইঘরের মালিক মো. লিটন জানান, প্রথম-তৃতীয় ও ষষ্ঠ-নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিদিন পাঠ্যবই কিনতে আসছে। ফলে ব্যবসায়ীরা বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বিনামূল্যের পাঠ্যবই কিনে বিক্রি করছেন। দক্ষিণ রাজানগর রাজাভুবন মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জোবাইরা হক জানায়, বিদ্যালয় থেকে ইংরেজি, গণিত ও ইসলাম ধর্মের পাঠ্যবই পায়নি। রোয়াজারহাটের রতন লাইব্রেরি থেকে ২০০ টাকা দিয়ে ইসলাম ধর্ম, ইংরেজি বই এবং ১৮০ টাকা দিয়ে দুটি গাইড কিনেছে। এ ছাড়া পাঠ্যবই দুটি বিক্রি করা হচ্ছে না বলে সে জানায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ প্রথম আলোকে বলেন, এনসিটিবির বিনামূল্যের পাঠ্যবই ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ। বিনামূল্যের পাঠ্যবই বাজারে কীভাবে এল তা তদন্ত করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘কেউ বিনামূল্যের পাঠ্যবই বাজারে বিক্রি করলে পুলিশ ও ইউএনওকে খবর দেন। তাঁরাই বিক্রেতাকে গ্রেপ্তার করবেন। আর কোনো শিক্ষককে তো বলা হয়নি বিদ্যালয় থেকে পাঠ্যবই বাজারে বিক্রি করার জন্য। যদি কোনো শিক্ষক এ কাজ করে তাঁকেও জেলে দেবেন ইউএনও সাহেব ও পুলিশ।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘বিনামূল্যের পাঠ্যবই উদ্ধারে হাটবাজারগুলোতে অভিযান চালানো হবে। বিক্রেতাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’