রাঙ্গুনিয়ায় বৃক্ষ ও কৃষিপ্রযুক্তি মেলা সম্পন্ন
রাঙ্গুনিয়ায় তিন দিনের বৃক্ষ ও কৃষিপ্রযুক্তি মেলা গত ২৬ জুলাই উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে শেষ হয়েছে। ২৪ জুলাই বিকেলে কেন্দ্রের মাঠে এ মেলা শুরু হয়। পরিবেশ রক্ষায় বন সৃজন ও কৃষিপ্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষি ও বন বিভাগ এ মেলার আয়োজন করে। প্রযুক্তিনির্ভর কৃষি উৎপাদনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা কৃষি কার্যালয়ের তত্ত্বাবধানে মেলায় কৃষিপ্রযুক্তি পরামর্শকেন্দ্র খোলা হয়। এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধানচাষ ও ফলবাগান সৃষ্টির কৌশল প্রদর্শন করা হয়। এ ছাড়া, বেসরকারি সংস্থা কারিতাস প্রধানমন্ত্রী ঘোষিত একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রদর্শন করে। প্রকল্পটির প্রতি দর্শকদের আগ্রহ দেখা গেছে। সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মেলায় বনায়নের মাধ্যমে একখণ্ড সবুজ বাংলাদেশ গড়ে তোলার কৌশল প্রদর্শন করেন। এতে বনজ, ফলদ, ফুল ও ওষুধি গাছের বাগান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ওষুধি গাছের গুণাগুণ ও পরিবেশ রক্ষায় বনজ গাছের ভূমিকা তুলে ধরা হয় এ প্রদর্শনীতে। দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, মেলায় প্রদর্শনীকেন্দ্র ছাড়াও বিভিন্ন জাতের গাছের চারা বিক্রির ৩০টি কেন্দ্র খোলা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজ উদ্যোগে গড়ে তোলা নার্সারির মালিকেরা এসব কেন্দ্র খোলেন। মেলা চলাকালে এসব বিক্রয়কেন্দ্র থেকে প্রচুর চারাগাছ কেনেন দর্শকেরা।গত ২৪ জুলাই বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের মালিকদের পুরস্কৃত করেন। রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি দে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, চন্দ্রঘোনা ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিছ আজগর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।