রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র স্থানান্তর নিয়ে ক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া আলমাস খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পাশের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর-প্রক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন ভোটাররা। উদ্বিগ্ন হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরাও। কয়েকজন প্রার্থী ২১ মে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কেন্দ্রটি স্থানান্তর না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। পোমরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল আলম চৌধুরী, ওয়াহিদুল কবির চৌধুরী ও ছৈয়দুল আলম তালুকদার জানান, স্বাধীনতার পর থেকে পোমরা ইউনিয়নের মাইজপাড়া (৯ নম্বর ওয়ার্ড) গ্রামের ভোটাররা সব নির্বাচনে আলমাস খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া কেন্দ্রটি হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে সুপারিশ করেন। ফলে উপজেলা নির্বাচন কার্যালয়ের পর্যবেক্ষক দল গত বৃহস্পতিবার ইউনিয়নের মাইজপাড়া ও হাজীপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় কেন্দ্র স্থানান্তর-প্রক্রিয়ার কথা শুনে ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রার্থীরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবে এ কেন্দ্রটি সরানোর প্রক্রিয়া চলছে। ভোটাররা জানান, মাইজপাড়া আলমাস খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থানান্তর করা হলে ৯ নম্বর ওয়ার্ড (মাইজপাড়া) কেন্দ্রশূন্য হয়ে পড়বে। অন্যদিকে, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১ নম্বর ওয়ার্ডে দুইটি কেন্দ্র হয়ে যাবে। এ ছাড়া হেঁটে যেতে অনেক সময় লেগে যাবে। দুর্ভোগ পোহাতে হবে নানাভাবে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া বলেন, ‘কোনোরকম প্রভাবে এ কেন্দ্র স্থানান্তরের সুপারিশ করা হয়নি। জনৈক কামাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আলমাস খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হওয়ায় স্থানান্তরের সুপারিশ করা হয়।’ তিনি বলেন, ‘বিদ্যালয়টি টিন ও বাঁশের বেড়া দিয়ে তৈরি। বর্তমানে সব টিন ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ভোটগ্রহণে নিয়োজিত ব্যক্তিদের ভিজতে হবে। ব্যালট ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘কেন্দ্রটি স্থানান্তরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি কোনো আপত্তি না থাকে তাহলে হয়তো কেন্দ্রটি স্থানান্তরিত হতো। এখন কেন্দ্র স্থানান্তর না করার জন্য ইউনিয়নের কয়েকজন প্রার্থী আবেদন করেছেন।’ ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘কেন্দ্র স্থানান্তরের ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে বিষয়টি সুরাহা করা হবে।’