রাঙ্গুনিয়ায় মাছ ও চামড়ার আড়ত থেকে পরিবেশদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যবসার কাজে কাপ্তাই সড়কে বাসযোগে চট্টগ্রাম শহরে প্রতিদিন যাওয়া-আসা করতে হয়। বাসে ওঠার জন্য যেতে হয় মরিয়মনগর চৌমুহনী বাজারে। কিন্তু সড়কের পাশে অরক্ষিত আড়তের চামড়া ও মাছের দুর্গন্ধে প্রাণটা বেরিয়ে যায়।’ রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৩২) এসব কথা বলতে গিয়ে হাঁপাতে শুরু করেন। সাজ্জাদ হোসেনের মতো ব্যবসা, চাকরি ও নানা কাজে বাসে ওঠার অপেক্ষায় মরিয়মনগর চৌমুহনী বাজারে প্রতিদিন বসে থাকেন অনেকে। কারণ বাস থামে আড়তের সামনে। আবার আড়তের চারপাশে রয়েছে মরিয়মনগর ইউনিয়ন পরিষদের তিনটি গ্রাম। বাজারে আছে দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। স্টেশন হওয়ায় রিকশা, ট্যাক্সি, মাইক্রো ও জিপচালকেরা ভিড় জমান প্রতিদিন। যাঁদের অধিকাংশই সাজ্জাদ হোসেনের মতো হাঁপানি রোগে আক্রান্ত। বাজারের বেকারি পণ্যের ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৬) জানান, চামড়া ও মাছের দুর্গন্ধে পরিবেশদূষণ হচ্ছে। খাবার-দাবারে অরুচি লেগেই আছে। হাঁপানিসহ পেটের পীড়া নিয়ে কোনোরকমে বেঁচে আছি। বাজারের কলা ব্যবসায়ী মুছা, মাইক্রোচালক কবির হোসেন, মুড়ি ব্যবসায়ী ইলিয়াছ, চা-দোকানি আবদুল মালেক, তেল ব্যবসায়ী আহমদ করিমসহ প্রায় ১৩ ব্যবসায়ী যক্ষ্মা রোগে ভুগছেন। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের জেলেপাড়ার মনমোহন জলদাস জানান, গ্রামের ৮০ গজের মধ্যে অবস্থিত আড়ত থেকে মাছ ও চামড়ার দুর্গন্ধে ঘরের ভেতর থাকা কষ্টকর হয়ে পড়েছে। গ্রামের অধিকাংশ মানুষ শ্বাসকষ্টে ভুগছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, মরিয়মনগর ইউনিয়নের কিছু গরু ব্যবসায়ী ও কসাই মরিয়মনগর চৌমুহনী বাজারের পূর্বে কাপ্তাই সড়কের দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগের খাসজমি দখল করে বাঁশের বেড়া দিয়ে ছয়টি আড়ত নির্মাণ করেন। ১০ বছর ধরে তাঁরা এখানে চামড়ার ব্যবসা করে আসছে। এ ছাড়া রয়েছে মাছের চারটি আড়ত। অথচ এসব ব্যবসায় তাঁদের বাণিজ্যিক সনদ (ট্রেড লাইসেন্স) নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও।মরিয়মনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুর রহমান জানান, চামড়া ব্যবসায়ীরা বিভিন্ন বাজার থেকে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চামড়া কিনে আড়তের সামনে সড়কের পাশে বিছিয়ে তার ওপর মাংস ফেলেন। আর মাছ ব্যবসায়ীরা কাপ্তাই ও চট্টগ্রাম শহর থেকে পাইকারি মাছ কিনে এনে আড়তের সামনে বিক্রি করেন। এর মধ্যে ফেলে দেওয়া পচা মাছ ও চামড়ার উচ্ছিষ্ট কাক ও কুকুর টেনে হিঁচড়ে খেয়ে বাজার ও আশপাশের গ্রামে ছড়ায়। এ ছাড়া আড়তজাত করার দু-এক দিনের মধ্যে মাছ ও চামড়ার পচা দুর্গন্ধ বাতাসের মাধ্যমে চারপাশে ছড়িয়ে পড়ে।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, পশুর চামড়া ও মাছ দ্রুত পচনশীল। যা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো দরকার। কিন্তু মরিয়মনগর চৌমুহনী বাজারে নির্মিত আড়তের একটিতেও কোনো অবকাঠামো নেই। নেই চামড়া ও মাছ সংরক্ষণে পরিবেশবান্ধব ব্যবস্থা। ফলে দুর্গন্ধে এলাকার পরিবেশ সবসময় ভারী থাকে। হাঁপানি, জন্ডিস ও যক্ষ্মা রোগেও ভুগছেন এলাকার মানুষ। যোগাযোগ করলে পাগলা মামা চামড়ার আড়তদার ফজল করিম ও পাগলা মামা মাছের আড়তদার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ব্যবসা যখন করছি তখন আড়ত তো থাকবেই। এতে কারও অসুবিধার কথা ভেবে ব্যবসা বন্ধ করে দিতে হবে না কি?’ ব্যবসার নিয়মের কথা বললে তিনি বলেন, ‘এত নিয়ম-কানুন বুঝি না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘লোকালয়ে চামড়া ও মাছের আড়ত রাখার বিরুদ্ধে পরিবেশগত বিধিনিষেধ রয়েছে। আড়ত উচ্ছেদসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’