রাঙ্গুনিয়ায় মামা-ভাগনের ভোটযুদ্ধ!
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মামা-ভাগনে ভোটযুদ্ধে নেমেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত ও ইউসুফ চৌধুরী সম্পকে মামা-ভাগনে। এই দুজনই গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। আজ ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে দুই প্রার্থীই আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, আবু আহমেদ হাসনাত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং গতবার বিএনপি থেকে একক প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অপর দিকে মো. ইউসুফ চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। মামা-ভাগনে দুজনই সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তবু মামার ভোটব্যাংকে ভাগ বসাতে ভাগনে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও দুজন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা পাঠিয়েছে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি। তালিকায় নয়জনের নামের মধ্যে মামা-ভাগনের নামও রয়েছে।
এ বিষয়ে আবু আহমেদ হাসনাত বলেন, ‘দেশের সব উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানকে দল থেকে সমর্থন দেওয়া হচ্ছে। তাঁরা নির্বাচনে জিতেও আসছেন। সুতারং, আমিও দলের সমর্থন পাব।’
মো. ইউসুফ চৌধুরীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন। তবে প্রার্থী বাছাইয়ে দল ভুল করলে এখানকার চেয়ারম্যান পদটি হারাতে হতে পারে।
মো. ইউসুফ চৌধুরী এ বিষয়ে বলেন, ‘আত্মীয়তার সম্পর্ক আর রাজনীতির সম্পর্ক এক নয়। দল যদি আমাকে সমর্থন দেয়, তবে অবশ্যই আমি নির্বাচনে জিতে আসব। অবশ্য দলের সিদ্ধান্তের বাইরে আমি যাব না।’