রাঙ্গুনিয়ায় মুরগির খামারগুলো বন্ধ হওয়ার পথে
রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে গড়ে ওঠা মুরগির খামারগুলো এখন বন্ধ হওয়ার পথে। উপর্যুপরি লোকসানের কারণে ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় ঝুঁকছেন খামারিরা। খাবার, ওষুধ ও এক দিনের বাচ্চার দাম বেড়ে যাওয়ায় লোকসান দিতে হচ্ছে তাঁদের। খামারিরা জানান, আশির দশক থেকে রাঙ্গুনিয়ায় মুরগির খামার ব্যবসা শুরু হয়। লাভজনক হওয়ায় তখন থেকে মুরগির খামার বাড়তে থাকে রাঙ্গুনিয়ায়। কিন্তু ২০০৭ সালে বার্ড-ফ্লু মুরগির খামারের জন্য বড় ধরনের দুর্যোগ ডেকে আনে। বার্ড-ফ্লুতে আক্রান্ত হওয়ায় কয়েকটি খামারের মুরগি ওই সময় ধ্বংস করা হয়। এতে আতঙ্কিত হয়ে অধিকাংশ খামারি মুরগি লালন-পালন বন্ধ করে দেন। পরে দুর্যোগ কাটলেও এক দিনের মুরগির বাচ্চা, খাবার ও ওষুধের দাম বাড়তে থাকে। ফলে ক্রমেই লোকসানের মুখে পড়েন খামারিরা। এভাবে একের পর এক লোকসানের ফলে ২০০৮ ও ০৯ সালে উপজেলার প্রায় শতাধিক মুরগির খামার বন্ধ হয়ে যায়। বাকিগুলোও বন্ধ হওয়ার পথে। উপজেলা পশুসম্পদ কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালে রাঙ্গুনিয়ায় মুরগির খামার ছিল ২১১টি। এর মধ্যে ৯৪টি খামারে ডিম উৎপাদন হতো। বাকি খামারগুলোতে ব্রয়লার মুরগি পালন করা হতো। ইতিমধ্যে বার্ড-ফ্লু আতঙ্কে ৪১টি খামারে ব্রয়লার মুরগি পালন বন্ধ করে দেন খামারিরা। বর্তমানে ৬০টি খামারে মুরগি পালন করছেন খামারিরা। সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা গ্রামের খাজা পোলট্রির মালিক সিরাজউদ্দিন বলেন, ‘বার্ড-ফ্লুর কারণে ২০০৭ সালে কম দামে মুরগি বিক্রি করতে হয়েছে। এতে ক্ষতি হয় প্রায় নয় লাখ টাকা। ২০০৮ সালের মাঝামাঝিতে আবার খামার শুরু করি। তখন এক দিনের মুরগির বাচ্চার দাম ১৭ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ২৮ টাকায়। ২০০৯ সালের মাঝামাঝিতে আবার বাচ্চার দাম বেড়ে হয় ৩৭ টাকা। দুই বছরে তিন লাখ টাকা লোকসান হয়। এত কিছুর পর মুরগির ব্যবসার ওপর ভরসা হারিয়ে ফেলি। তাই খামার ব্যবসা ছেড়ে এখন রড, সিমেন্ট ও টিনের ব্যবসা শুরু করেছি।’ স্বনির্ভর ইউনিয়নের মাওলানা পোলট্রির মালিক ইসমাইল হোসেন বলেন, ‘বার্ড-ফ্লু আতঙ্কের কারণে ২০০৮ সালে কম দামে এক হাজার মুরগি (লেয়ার) বিক্রি করেছি। এতে ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে। পরে ডিম উৎপাদন লাভজনক মনে করে লেয়ার মুরগি লালন পালন শুরু করি। কিন্তু খাবার ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় সেখানেও লাভ শূন্যের ঘরে নেমে আসে।’ একই এলাকার আকতার পোলট্রির মালিক আকতার হোসেন, পোমরার গাউসিয়া পোলট্রির মালিক নুর উদ্দিন, চন্দ্রঘোনা মালেক শাহ পোলট্রির মালিক কুতুব উদ্দিনসহ অনেকে লোকসানের কারণে খামার ছেড়ে অন্য ব্যবসা করছেন বলে জানান।রোয়াজারহাটে ৫০ কেজির প্রতিবস্তা তিলের খৈল এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। শুঁটকি প্রতি কেজি ৬৫-৭০ টাকা, সয়াবিন প্রতি কেজি ৭৩ টাকা বিক্রি হচ্ছে। যা ২০০৯ সালের আগে ছিল অর্ধেকেরও কম। সেই সঙ্গে ওষুধের দামও বেড়ে যাওয়ায় মুরগির খামার এখন অলাভজনক ব্যবসায় পরিণত হয়েছে বলে খামারিরা জানান। উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ইদ্রিছ আলী প্রথম আলোকে বলেন, মুরগির খাবার ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় ডিম উৎপাদনকারী খামারগুলো লোকসান দিচ্ছে। অন্যদিকে বাচ্চার দাম বেড়ে যাওয়ায় ব্রয়লার মুরগির খামারগুলো লাভের মুখ দেখছে না। ফলে খামারিরা মুরগি লালন-পালন ছেড়ে দিয়ে অন্য ব্যবসায় ঝুঁকছেন। মুরগির খামার রক্ষায় বাচ্চা, খাবার ও ওষুধের দাম কমানোর কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।