রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল চুরি বেড়েছে আশঙ্কাজনকহারে
রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। প্রতিমাসে ১২-১৫টি মোটরসাইকেল চুরি হচ্ছে। ২০০৯ সালের শুরু থেকে চলতি মার্চের মাঝামাঝি পর্যন্ত দুই শতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্র জানায়, ২০০৯ সালের প্রথম দিক থেকে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চোরের একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। চোরেরা বিভিন্ন হাটবাজার, সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিককেন্দ্রের (কমিউনিটি সেন্টার) বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চুরি করে। রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুছা জানান, ২০০৯ সালের জানুয়ারির শুরুতে স্থানীয় ব্যবসায়ী মো. খালেকের মোটরসাইকেল চুরি হয়। সেই থেকে এ পর্যন্ত শুধু রোয়াজারহাট এলাকা থেকেই প্রায় ৪০-৪২টি মোটরসাইকেল চুরি হয়েছে। আপন কমিউনিটি সেন্টারের মালিক দেলোয়ার হোসেন জানান, ১২ মার্চ কমিউনিটি সেন্টারের ভেতর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল ইসলামের মোটরসাইকেল (ঢাকামেট্রো-এ-০৭-৩০৩৮) চুরি হয়। এই সেন্টার থেকে গত এক বছরে প্রায় ১৬টি মোটরসাইকেল চুরি হয়েছে বলে জানান তিনি। থানা সূত্র জানায়, গত বছরের শুরু থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই শতাধিক মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে। তবে থানায় মামলা হয়েছে মাত্র পাঁচটি। থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ‘মোটরসাইকেল চুরি হলেও মালিকেরা মামলা করতে চান না। ফলে চোরদের শনাক্ত বা ধরা সম্ভব হচ্ছে না।’ তিনি জানান, পুলিশ ৭ মার্চ স্বনির্ভর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের মো. আজিজের ছেলে নঈম হোসেনকে আটক করে হাজতে পাঠিয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি মোটরসাইকেল। এর মধ্যে একটি নম্বর ছাড়া, অন্যটির নম্বর (কুমিল্লা-ল-১১-০০৮৭) ছিল। তিনি জানান, উদ্ধার করা মোটরসাইকেল দুইটির মালিকানা দাবি করতে এখনো কেউ আসেননি। এতে মনে হচ্ছে মোটরসাইকেলে লাগানো নম্বরটি ভুয়া।রানীরহাটের ব্যবসায়ী আবু তাহের জানান, তাঁর মোটরসাইকেলটি শোরুম থেকে কেনার পর নম্বরের জন্য আবেদন করা হয়। নম্বর পাওয়ার আগেই রানীরহাট থেকে এটি চুরি হয়। ফলে তিনি থানায় মামলা করেননি। পোমরা ইউনিয়নের শান্তিরহাটের ব্যবসায়ী সাইফুল্লাহ মানিক জানান, ২০০৯ সালের অক্টোবরে শান্তিরহাট থেকে তাঁর মোটরসাইকেল চুরি হয়। নম্বরসহ যাবতীয় কাগজপত্র থাকলেও পুলিশি হয়রানির ভয়ে তিনি থানায় মামলা করেননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, মামলা না করায় মোটরসাইকেল চোরদের সদস্যদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে একের পর এক মোটরসাইকেল চুরি করার সাহস পাচ্ছে চোরেরা।