রাঙ্গুনিয়ায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় ২৭ অক্টোবর দুপুরে এ সংঘর্ষ হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাও পণ্ড হয়ে যায়।নেতা-কর্মীরা জানান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ঘোষিত কমিটির নেতা ও অনুসারী-কর্মীরা জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দেওয়ার সময় প্রতিপক্ষের কর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উপজেলা যুবদলের কর্মী মো. জসিম (৩৪), মো. লোকমান (২৯), শরীফ উদ্দিন (৩১) ও মোখলেছুর রহমান (২৬) আহত হন। রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সভাপতি এখতেয়ার হোসেন বলেন, ‘সদ্য ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের কমিটিতে কাজী সালাউদ্দিনকে সভাপতি ও সোলায়মান মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা করায় মহানগর ও উত্তর জেলা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দেওয়ার সময় সংঘর্ষের মাধ্যমে তার প্রতিফলন ঘটে। এতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাও পণ্ড হয়ে যায়।’ এ প্রসঙ্গে উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত বলেন, ‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সংঘর্ষের খবর পেয়ে তাঁরা আর আসেননি।’উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু সংঘর্ষ হওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শুধু কমিটি কেন, বড় দলে নানা কারণে দ্বিমত থাকতেই পারে। তাই বলে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে সংঘর্ষে লিপ্ত হওয়া কাম্য নয়। এখন দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।’