রাঙ্গুনিয়ায় রাস মেলা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার সনাতনী সম্প্রদায়ের চার দিনব্যাপী রাসমেলা ১২ নভেম্বর শেষ হয়েছে। স্বনির্ভর ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া রাস বিহারী ধাম দীঘির পাড়ে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। মেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র চৌধুরী জানান, এবার রাস মেলার ২৯তম আসর বসে। মেলা উপলক্ষে ৯ নভেম্বর রাঙ্গুনিয়া রাসবিহারী ধাম এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রাস মেলা উদ্বোধন করেন ফতেয়াবাদ ব্রহ্মানন্দ যুগাশ্রমের অধ্যক্ষ বিবেশ্বারনন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ও স্বনির্ভর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম। ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় ধর্মীয় মহানামযজ্ঞ। ওই দিন রাত নয়টায় অনুষ্ঠিত হয় ধর্মীয় মহাসম্মেলন। মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতচন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ সাহা। রাত ১২টায় অনুষ্ঠিত হয় রাস পূজা। ১২ নভেম্বর ভোরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে রাস মেলা শেষ হয়।