রাঙ্গুনিয়ায় লোডশেডিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্রাহকসংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিং বাড়লেও থামছে না বিদ্যুৎসযোগ দেওয়া। চট্টগ্রাম পল্লিবিদ্যুৎ সমিতি-২-এর গ্রাহকসংখ্যা বাড়ছে লোডশেডিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে। চাহিদা ও প্রাপ্তির মধ্যে বিস্তর পার্থক্যের কারণে ভোগান্তি বেড়েছে রাঙ্গুনিয়া ও রাউজানের পল্লিবিদ্যুৎ গ্রাহকদের।রাঙ্গুনিয়া উপজেলা বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ১৯৯১ সালে রাঙ্গুনিয়া ও রাউজানে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা পল্লিবিদ্যুৎ সমিতি-২-এর ওপর ছেড়ে দেয়। এ সময় রাঙ্গুনিয়ায় বিদ্যুতের গ্রাহক ছিলেন ১৩ হাজার। বিদ্যুৎ সরবরাহ হতো সাত মেগাওয়াট। রাউজানের গ্রাহক ছিলেন ১১ হাজার ৭০০। বিদ্যুৎ সরবরাহ হতো ছয় মেগাওয়াট। গ্রাহকদের তখন লোডশেডিংয়ের ভোগান্তি তেমন পোহাতে হয়নি। কিন্তু পল্লিবিদ্যুৎ সমিতি-২ দায়িত্ব নেওয়ার পর থেকে দুই উপজেলায় দ্বিগুণেরও বেশি সংযোগ দেওয়া হয়।পল্লিবিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয় সূত্র জানায়, ২০০৯ সালের জুন পর্যন্ত সমিতির আওতায় রাঙ্গুনিয়া উপজেলার গ্রাহক ছিলেন ৩৮ হাজার এবং রাউজানে ৩৩ হাজার। ১৮ বছরে দুই উপজেলায় গ্রাহক বেড়েছে ৪৬ হাজার ৩০০। যাঁদের কাছ থেকে শুধু সংযোগ ফি হিসেবে সমিতি আয় করেছে প্রায় সাত কোটি টাকা। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী জানান, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে দেশে নতুন কোনো বিদ্যুকেন্দ্র স্থাপিত হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি। এ অবস্থায় পল্লিবিদ্যুৎ সমিতি-২ সরবরাহ বাড়ানোর কোনো ব্যবস্থা ছাড়াই রাঙ্গুনিয়া ও রাউজান এলাকায় ব্যাপকহারে বিদ্যুতের সংযোগ দিয়ে গ্রাহকসংখ্যা দ্বিগুণেরও বেশি করে। পল্লিবিদ্যুৎ সমিতি-২ প্রতিটি সংযোগে গ্রাহকের কাছ থেকে দেড় থেকে চার হাজার টাকা আদায় করছে। আবেদন ফি ২৫ টাকা, প্রথম এক কিলোওয়াটের জন্য ৩০০ এবং পরবর্তী প্রতি কিলোওয়াটের জন্য ১০০ টাকা হিসেবে ফি আদায়ের নিয়ম রয়েছে।সমিতির রাঙ্গুনিয়া কার্যালয়ের প্রকৌশলী ইকবাল হোসেন জানান, রাঙ্গুনিয়া ও রাউজানে বিদ্যুতের গ্রাহক বাড়লেও বিদ্যুৎ সরবরাহ বাড়েনি বরং কমেছে। বর্তমানে রাঙ্গুনিয়ায় পাঁচ মেগাওয়াট ও রাউজানে চার মেগাওয়াট সরবরাহ হচ্ছে। ফলে এই দুই উপজেলার কোথাও এক ঘণ্টার বেশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। পল্লিবিদ্যুৎ সমিতি-২-এর উপব্যবস্থাপক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রাহকসংখ্যা বৃদ্ধি সমিতির একটি নিয়মিত বিষয়। তা ছাড়া সংযোগ পাওয়ার ক্ষেত্রে বিগত সময়ে রাজনৈতিক চাপও ছিল। গ্রাহকের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, নিয়মানুযায়ী ফি নিয়ে সংযোগ দেওয়া হচ্ছে। গ্রাহকসংখ্যা বাড়ার কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে। কিন্তু গ্যাস ও পানির অভাবে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার বিদ্যুকেন্দ্র বন্ধ থাকায় সরবরাহ ক্রমাগত কমে যাচ্ছে। ফলে বাড়ছে লোডশেডিং। তবে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর আগে সংযোগ বাড়ানোর প্রতি অনীহা প্রকাশ করায় রাজনৈতিক চাপ কমেছে। তাই নতুন সংযোগ আগের তুলনায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে।