রাঙ্গুনিয়ায় শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২০০৮ সালের মাঝামাঝি সময়ে একবার কম্পিউটার চালু করে দেখানো হয়েছিল। সেই থেকে বন্ধ রয়েছে কম্পিউটার দুইটি। শিক্ষক না থাকায় কম্পিউটার চালু করে না কেউ।’ এসব কথা জানাল রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের হরিহর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. করিম। শিলক হামিদ শরীফ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা আকতার বলল, ‘কম্পিউটার শেখার আশায় বাড়ির কাছের বিদ্যালয়ে ভর্তি না হয়ে এ বিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু এখানে এক দিনের জন্যও কম্পিউটার শেখা হয়নি, কারণ শিক্ষক নেই।’ রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়নে মাধ্যমিক পর্যায়ে ৪৩টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় ও রাজানগর আরএবিএম উচ্চবিদ্যালয়ে করিগরি শিক্ষা বোর্ডের আওতায় দুটি কম্পিউটার ল্যাব রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন কম্পিউটার শিক্ষক রয়েছেন বিদ্যালয় দুইটিতে। ফলে ল্যাব দুইটিতে নিয়মিত কম্পিউটার শিক্ষা পাচ্ছে শিক্ষার্থীরা। এ ছাড়া অধিকাংশ বিদ্যালয়ে কম্পিউটার থাকলেও শিক্ষকের অভাবে কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কম্পিউটার শিক্ষা চালুর জন্য রাঙ্গুনিয়ার ২২টি বিদ্যালয়ে কম্পিউটার সরবরাহ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এর মধ্যে কেবল শিলক বহুমুখী উচ্চবিদ্যালয় ও চন্দ্রঘোনা বহুমুখী আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক আছেন। অপরদিকে, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় ও রাজানগর আরএবিএম উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত দুইটি কম্পিউটার ল্যাব ও দুইজন কম্পিউটার শিক্ষক রয়েছেন। এর বাইরে বেশির ভাগ বিদ্যালয়ে কম্পিউটার থাকলেও শিক্ষকের অভাবে তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না।উত্তর পারুয়া, মজুমদার খীল, পোমরা, সরফভাটা ইউনিয়ন, পূর্ব সরফভাটা আইডিয়েল, রোটারি বেতাগি, খুরুশিয়া দ্বারিকোপ, সুখবিলাস, উত্তর পদুয়া বহুমুখী, পদুয়া সম্মিলনী বালিকা, পোমরা বঙ্গবন্ধু, ঘাটচেক, কোদালা, মরিয়মনগর বহুমুখী, হোছনাবাদ, শিলক এম শাহ আলম চৌধুরী, পারুয়া সাহাব্দিনগর ও খীলমোগল রসিক উচ্চবিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নেই।উপজেলা একাডেমিক তত্ত্বাবধায়ক বদরুল ইসলাম জানান, কোনো বিদ্যালয়ে সাধারণ বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা চালুর ক্ষেত্রে বোর্ডের প্রধান শর্ত হলো: কম্পিউটার শিক্ষক, বিদ্যুৎসংযোগ ও অবকাঠামোগত সুবিধা থাকতে হবে। এসব বিষয় তদন্ত করে বোর্ড থেকে কম্পিউটার সরবরাহ করা হয়। অথচ অনেক বিদ্যালয় কম্পিউটার শিক্ষক নিয়োগ ছাড়াই বোর্ড থেকে কম্পিউটার পেয়ে গেছে। এ ছাড়া স্থানীয় দানশীল ব্যক্তিদের মাধ্যমে অনেক বিদ্যালয় কম্পিউটার পেয়েছে। কোনো কোনো বিদ্যালয় স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে কম্পিউটার কাউন্সিল থেকেও কম্পিউটার পেয়েছে। হরিহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত রঞ্জন ধর জানান, ২০০৩ সালের মাঝামাঝিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার পেলেও বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। বর্তমানে কম্পিউটার দুইটি অকেজো অবস্থায় পড়ে আছে। শিলক হামিদ শরীফ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খুদরত-ই গণি জানান, ২০০৪ সালে স্থানীয়ভাবে দুইটি কম্পিউটার সংগ্রহ করা হয়। তবে উপযুক্ত শিক্ষক না থাকায় এ বিষয়ে পুরোপুরি শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, উপযুক্ত কম্পিউটার শিক্ষকের অভাবে বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষক নিয়োগ প্রধান শর্ত হওয়ায় বোর্ড বর্তমানে কম্পিউটার শিক্ষা চালুর অনুমোদনও দিচ্ছে না। ফলে স্থানীয় দাতাদের সাহায্যে কম্পিউটার সংগ্রহ করে বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে রাঙ্গুনিয়ার সব বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করা দরকার। এ ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যালয়গুলোতে কম্পিউটার শিক্ষক নিয়োগ দিয়ে সাধারণ বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা চালুর ব্যবস্থা নেওয়া হবে।’