রাঙ্গুনিয়ায় শিলাবৃষ্টিতে লন্ডভন্ড সবজির খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে রাঙ্গুনিয়ার সবজির খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে শিলাবৃষ্টি হওয়ার পর উপজেলার বিদ্যুৎব্যবস্থাও ভেঙে পড়ে। কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও বহু কৃষকের খেতের ফসল নষ্ট হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় পাঁচ শতাধিক কাঁচাঘরের ক্ষতি হয়েছে।গত শুক্রবার উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হওয়া ঘরবাড়ি এখনো পুরোপুরি মেরামত করতে পারেননি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বিদ্যুৎব্যবস্থা ঠিক করতে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। তবে মৌসুমি সবজিচাষিদের ক্ষতি অপূরণীয়। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় অনেককেই আহাজারি করতে দেখা গেছে।এলাকাবাসী ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, ভেঙে পড়া বিদ্যুৎব্যবস্থা সচল করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। দেশের শস্যভান্ডার হিসেবেখ্যাত গুমাইবিলে ৩৩ হাজার কিলোভোল্টের কয়েকটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। ১১ হাজার কিলোভোল্টের তার ছিঁড়ে পড়েছে কর্ণফুলী পাটকলের সামনে। দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক, রাজানগর, সরফভাটা ও পদুয়া ইউনিয়ন শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।পারুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল মান্নান বলেন, ‘মাত্র আধা ঘণ্টায় নষ্ট হয়েছে গোটা মৌসুমের পরিশ্রম। ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে দুই লাখ ছাড়িয়ে যাবে।’প্রত্যক্ষদর্শীরা বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় শুক্রবার বিকেলে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। বড় বড় শিলার আঘাতে ছাদের টিন ছিদ্র হয়েছে। নষ্ট হয়েছে ফসল। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জমান জানান, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মরিচচাষিদের। তবে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পেতে সময় লাগবে। পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাঙ্গুনিয়া আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে। উপজেলার বিভিন্ন মাপের ২৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। ২০০-এর বেশি খুঁটির তার ছিঁড়ে গেছে।’