রাঙ্গুনিয়ায় সক্রিয় আটোরিকশা চোর-চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন সিএনজিচালিত অটোরিকশা চোর-চক্রের সদস্যরা। চোরের দল বেশি চুরি করে নম্বরবিহীন অটোরিকশাগুলো। ফলে চুরি যাওয়া এসব অটোরিকশা উদ্ধার করতে হিমশিম খেতে হয় পুলিশকে।এদিকে ৬ জুন পুলিশের হাতে ধরা পড়েন অটোরিকশা চোর-চক্রের তিন সদস্য। তাঁদের চান্দগাঁও থানার উসমানিয়া গ্লাসশিট ফ্যাক্টরি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, লিটন বড়ুয়া (১৭), নজরুল ইসলাম (১৯) ও মো. রকি (১৮)। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় দুটি অটোরিকশা। জিজ্ঞাসাবাদে এই তিনজন রাঙ্গুনিয়া থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং চোর-চক্রের অবস্থান সম্পর্কে তথ্য দেন বলে জানায় চান্দগাঁও থানা পুলিশ।পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মো. রকি রাঙ্গুনিয়া উপজেলার কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান, শান্তিরহাট, গোচরাবাজার, মরিয়মনগর চৌমুহনী, রোয়াজারহাট, রানীরহাট, মরিয়মনগর ডিসি সড়কের মোগলের হাট, ধামাইরহাট, সরফভাটা ক্ষেত্রবাজার ও পদুয়া ইউনিয়নের রাজারহাট এলাকায় সংঘবদ্ধ চোরের দল অটোরিকশা চুরির কাজে সক্রিয় রয়েছে বলে জানান। গত ছয় মাসে তাঁরা রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে ১৩টি আটোরিকশা চুরি করেছেন। লিচুবাগান সিএনজি ট্যাক্সি কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা চুরি আবার বেড়েছে। মার্চ মাস থেকে এ পর্যন্ত আটটি অটোরিকশা চুরি হয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।’এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ বলেন, ‘অটোরিকশা চুরির পর মালিকেরা অভিযোগ করলে পুলিশ সাধ্যমতো চেষ্টা করে উদ্ধারের জন্য। এ পর্যন্ত আট থেকে ১০টি অটোরিকশা চুরির খবর পেয়েছি। ইতিমধ্যে চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে চুরি যাওয়া অটোরিকশার বেশির ভাগ নম্বরবিহীন হওয়ায় উদ্ধারে সময় লাগে।’