রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজাগারগুলো। ১৬টি বীজাগারের মধ্যে দুটি কর্ণফুলী নদীর গর্ভে হারিয়ে গেছে। বাকিগুলোর অবস্থাও বেহাল। কোনোটির দেয়াল আছে, ছাদ ধসে গেছে। আবার কোনোটির ছাদ আছে, দেয়াল ধসে গেছে। জানা যায়, উপজেলার শিলক, হোছনাবাদ, পদুয়া, কোদালা, চন্দ্রঘোনা, পোমরা, রাজানগর, ইসলামপুর, বেতাগি, পারুয়া, সরফভাটা, মরিয়মনগর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে একটি করে ও উপজেলা সদর ইছাখালি এলাকায় তিনটি বীজাগার নির্মাণ করা হয়। এর মধ্যে সরফভাটা ও বেতাগি ইউনিয়নে বীজাগার দুটি কর্ণফুলী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। স্বনির্ভর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের কৃষক আবদুল মোতালেব চৌধুরী (৭৬) বলেন, ‘বীজাগারগুলো যখন ছিল তখন বীজ, সারসহ নানা রকম কৃষি উপকরণ পাওয়া যেত সহজে। ফলে রাঙ্গুনিয়ায় কৃষি ক্ষেত্রের দ্রুত সমপ্রসারণ ঘটে। কৃষকেরা লাভবানও হয়েছেন।’ মরিয়মনগর ইউনিয়নের পাঁচবাড়ি গ্রামের কৃষক মো. হোসেন (৩৯) জানান, বীজাগারগুলো বন্ধ হয়ে যাওয়ার পর বীজ, সার ও কীটনাশকের জন্য কৃষকদের উপজেলা কৃষি কার্যালয়ে ধরনা দিতে হয়। তাদেরও ঠিকমতো পাওয়া যায় না।উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা কাজী মাইন উদ্দিন হাসান জানান, পাকিস্তান সরকার ১৯৬৩ সালে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়সংলগ্ন এলাকায় একটি করে বীজাগার নির্মাণ করে। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকারের কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আশির দশক পর্যন্ত এসব বীজাগার ব্যবহার করে। কিন্তু এরপর থেকে এসব বীজাগার ব্যবহার বন্ধ করে দেয় কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। তিনি বলেন, ‘পাকিস্তান সরকার বীজাগারগুলো নির্মাণ করে স্থানীয় ব্যক্তিদের দান করা জমিতে। ওই সময় মূল্য কম থাকায় মালিকেরা জমি দান করে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর জমির মূল্য বেড়ে যাওয়ায় জমির মালিকেরা বীজাগার ভবনগুলো দখলে নিতে শুরু করে। ফলে সরকার জমির মালিকদের বিরুদ্ধে মামলা করে।’এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর কৃষি সমপ্রসারণ অধিদপ্তর দলিল তৈরি করে দেশের সকল বীজাগার আয়ত্বে নেওয়ার নির্দেশ দেয়। তখন সরকারি জমির ওপর নির্মিত বীজাগারগুলো দখলে নিতে পারলেও মালিকানাধীন জমির ওপর নির্মিত ভবনগুলো আয়ত্বে নিতে ব্যর্থ হয়। ফলে বীজাগারগুলো ব্যবহার এমনকি কোনোরকম যত্ন ও সংরক্ষণ করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ‘বর্তমানে বীজাগার ভবনগুলো শ্যাওলায় ঢেকে রয়েছে। দেয়াল ও ছাদ ভেঙে টুকরো টুকরো হয়ে খসে পড়ছে। বর্ষার পানিতে সয়লাব হয়ে যায় প্রতিটি ভবন। এ অবস্থায় বীজ ও কৃষি উপকরণ সংরক্ষণ সম্ভব নয়। ফলে উপজেলা কৃষি কার্যালয়েই বীজ ও কৃষি উপকরণ সংরক্ষণ করা হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বীজাগার সংস্কার করে সার ও বীজসহ কৃষি উপকরণ সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য এগুলো সংস্কার করার জন্য জেলা প্রশাসকের বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।’