রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার পর দলীয় সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। পাশাপাশি পাড়া-মহল্লায় শুরু করে দিয়েছেন গণসংযোগ। এদিকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই সম্ভাব্য প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। এমনকি প্রার্থী না হতে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, গত ২৮ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসকের সভায় ১৫ ইউনিয়নের নির্বাচন আগামী ২১ জুন নির্ধারণ করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ মে। ফলে সম্ভাব্য প্রার্থীরা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন। এলাকাবাসী জানায়, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। ঘরে ঘরে গিয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দোয়া চেয়েছেন। সেই সঙ্গে অন্যান্য সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। কেউ কেউ নির্বাচনী আচরণবিধির নানা দিক তুলে ধরে ও দলীয় সমর্থন নেই বলে প্রতিপক্ষ প্রার্থী হওয়ার সুযোগ না পাওয়ার কথা প্রচার করছেন। চেয়ারম্যান পদ থেকে শুরু করে সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্যপদে সম্ভাব্য প্রার্থীরাও এ ধরনের প্রচারে লিপ্ত রয়েছেন। ফলে প্রার্থীদের মধ্যে বিরোধ বাড়ছে। উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও পোমরা ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী না হওয়ার জন্য ইতিমধ্যে আমাকেও একাধিকবার হুমকি দিয়েছেন। এ ছাড়া মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হোসেন, সরফভাটা ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ বিএনপি-সমর্থিত আরও কয়েকজনকে প্রার্থী না হওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। ফলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা আবেদনপত্র দাখিল করার সুযোগ পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’ তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার নিয়ম না থাকলেও দলীয় সমর্থন ছাড়া নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। ফলে ইউপি নির্বাচনে দলীয় সমর্থন আদায়ের জন্য বিএনপি-সমর্থিত সম্ভাব্য প্রার্থীরা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।’রাঙ্গুনিয়া উপজেলার ইউপি নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পাওয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন বাহার ও সহশিল্পবিষয়ক সম্পাদক মো. আইয়ুব জানান, মনোনয়ন নয়, সমর্থন আদায়ের জন্য প্রার্থীরা দলের নেতাদের কাছে আসছেন। প্রতি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় তা সমন্বয়ের চেষ্টা চলছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সমন্বয়কের দায়িত্ব পাওয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সদস্য জামাল উদ্দিন জানান, দল কোনো প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে না। তবে একাধিক প্রার্থী হওয়ায় তা সমন্ব্বয় করার চেষ্টা চলছে। উপজেলার প্রতি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রার্থীদের নিয়ে আলাদাভাবে বৈঠক করে সমন্বয় করা হচ্ছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন—রাজানগর ইউনিয়নে আব্বাস উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম ও খালেদ মঞ্জু। হোছনাবাদ ইউনিয়নে মির্জা নাজিম উদ্দিন ও দানু মিয়া। স্বনির্ভর ইউনিয়নে নুরুল ইসলাম, মো. নুরুল্লাহ ও দলিলুর রহমান। মরিয়মনগর ইউনিয়নে মোহাম্মদ হোসেন, ইকবাল হোসেন ও লোকমান হোসেন তালুকদার। পারুয়া ইউনিয়নে একরাম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন ও জাহেদ হোসেন চৌধুরী। পোমরা ইউনিয়নে নাজিম উদ্দিন, জাহেদুল ইসলাম ও ফজলুল কবির। বেতাগী ইউনিয়নে জাহাঙ্গীর আলম ও নুর কুতুবুল আলম। সরফভাটা ইউনিয়নে আলমগীর হোসেন চৌধুরী, সামশুল ইসলাম ও মজিবুল ইসলাম। শিলক ইউনিয়নে জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম তালুকদার ও ইকবাল হোসেন চৌধুরী। পদুয়া ইউনিয়নে নাসির উদ্দিন, মাহবুবুর রহমান ও আবু জাফর তালুকদার। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে আহমদুল হক, ইদ্রিস আজগর, সামশুল আলম ও আবদুল ছালাম। কোদালা ইউনিয়নে আবদুল কাইয়ুম, নুরুল আজিম ও মো. সেলিম। দক্ষিণ রাজানগর ইউনিয়নে এনামুল হক মিয়া ও আহমদ সৈয়দ তালুকদার। ইসলামপুর ইউনিয়নে ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, সিরাজউদ্দৌলা চৌধুরী ও মোহাম্মদ ইউনুচ। লালানগর ইউনিয়নে রফিকুল ইসলাম তালুকদার, শাহ আলম তালুকদার, মোহাম্মদ ইউনুচ তালুকদার ও আবদুল মান্নান তালুকদার।