রাঙ্গুনিয়ায় হাজারো পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাস করছে হাজারো পরিবার। পাহাড়ের চূড়া ও পাদদেশে বসতঘর গড়ে এসব পরিবার বসবাস করছে। প্রতিবছর বর্ষায় অনেক বসতঘর পাহাড়ের মাটি ধসে চাপা পড়ে। হতাহতের ঘটনাও ঘটে। কিন্তু তার পরও থেমে নেই ঝুঁকিতে বসবাস। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় নয় হাজার একর সরকারি ও ১৫ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এসব এলাকায় প্রায় পাঁচ হাজার বসতঘর রয়েছে।চন্দ্রঘোনার কদমতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কবির আহমদ জানান, বনগ্রাম এলাকার শতাধিক পাহাড় কেটে অবৈধভাবে বসতঘর নির্মাণ করে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে প্রায় এক হাজার পরিবার। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা অর্থের বিনিময়ে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি এলাকায় এসব বসতঘর নির্মাণের সুযোগ করে দেন। গত ২৭ জুন থেকে টানা বর্ষণে বনগ্রামের প্রায় ছয়টি স্থানে পাহাড়ধসে বসতঘর চাপা পড়েছে। তবে কেউ হতাহত হয়নি। পারুয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ছত্তার বলেন, ‘জঙ্গল পারুয়া গ্রামের পাহাড়ে প্রায় ৪০০ পরিবার বসবাস করছে। এই বর্ষায় তারা পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। পাহাড়ের মাটি ধসে ২০০৭ সালে জঙ্গল পারুয়া গ্রামে আবুল খায়ের নামে এক ব্যক্তি নিহত হন।’ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ জানান, ইছাখালি, জাকিরাবাদ, কাদের নগর ও নোয়াগাঁও পৌর এলাকায় পাহাড়ে বসবাস করছে প্রায় ৫০০ পরিবার। এদের অনেকে পাহাড়ের চূড়া কেটে বসতঘর তৈরি করে বসবাস করছে। গত কয়েক দিনের টানা বর্ষণে এসব এলাকার ছয়-সাতটি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ইছাখালী মোহাম্মদপুর পৌর এলাকার পাহাড়ে বসতঘর নির্মাণ করে ঝুঁকি নিয়ে বসবাস করছে অর্ধশতাধিক পরিবার। সেখানকার বাসিন্দা আয়েশা খাতুন (৪৫) জানান, মরিয়মনগর ইউনিয়নের বালুগোট্টা গ্রামে কর্ণফুলী নদীতে ভিটেবাড়ি হারিয়ে ২ বছর আগে এ পাহাড়ে বসতঘর নির্মাণ করেন তিনি। কিন্তু গত বছর বর্ষায় পাহাড়ের মাটি ধসে বসতঘরের নিচে চাপা পড়ে তাঁর চার বছরের শিশু আবদুল কাদেরের কোমর ভেঙে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের কমিউনিটি সেন্টার, জঙ্গল, বেতাগি এলাকায় পাহাড় কেটে প্রভাবশালীরা মাটি বিক্রি করছে। একইভাবে উপজেলার উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, লালানগর, হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর, পোমরা, সরফভাটা, শিলক ও পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় পাহাড় কেটে বসতঘর তৈরি করে বসবাস করে আসছে প্রায় তিন হাজারেরও বেশি পরিবার। এ প্রসঙ্গে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা কোনো আইন মানে না। তাদের উচ্ছেদ করার পরও আবার বসতি গড়ে।’ এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ের চূড়া ও পাদদেশ কেটে বসতঘর নির্মাণ না করার জন্য রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ২০০৭ সালের জুলাই মাসে অভিযান চালিয়ে ছয় ব্যক্তির বিরুদ্ধে তিনটি ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা নয়জন প্রভাবশালীর বিরুদ্ধে মামলা দায়ের করে। তাতেও পাহাড় কেটে বসতি স্থাপন বন্ধ হয়নি। পাহাড়ে বসবাসকারী এতগুলো পরিবারকে পুনর্বাসন করাও সময়সাপেক্ষ ব্যাপার। এ অবস্থায় পাহাড়ধসের হাত থেকে বসবাসকারীদের বাঁচানোর ব্যাপারে প্রশাসন খুবই উদ্বিগ্ন। তবে পাহাড়ধসে হতাহতের ঘটনা এড়ানোর জন্য সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’