রাঙ্গুনিয়ায় ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চোলাই মদ, গাঁজা ও হেরোইন। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গত ২৫ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকীর নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা ওইদিন সন্ধ্যা সাতটায় চন্দ্রঘোনা ইউনিয়নের ফেরিঘাট এলাকায় অভিযান চালান। এ সময় হেরোইন বিক্রির অপরাধে মো. একরামকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০ পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রির দুই হাজার ১০ টাকা জব্দ করা হয়। সে ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত নতুন মিয়ার ছেলে। এ ছাড়া গাঁজা বিক্রির অপরাধে জামাল উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫০ গ্রাম ওজনের ৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। সে চন্দ্রঘোনা ইউনিয়নের হাফেজপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে। রাত আটটায় অভিযান চালিয়ে মুরাদনগর পৌর এলাকার মৃত জেবল হোসেনের ছেলে শফিউর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩৫০ গ্রাম ওজনের ৭০ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ২০ হাজার ৫৫৪ টাকা জব্দ করা হয়। রাত নয়টায় পোমরা ইউনিয়নের মধ্যম নোয়াগাঁও গ্রামের গ্রামপুলিশ কালু মিয়ার ছেলে শহীদুল আলমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে প্রায় ৬০ লিটার চোলাই মদ ও মদ বিক্রির ছয় হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম উপঅঞ্চলের সহকারী পরিচালক রাশেদুজ্জামান ও একাধিক কর্মকর্তা-কর্মচারী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসানসহ ১০ সদস্যের পুলিশ দল অভিযানে অংশ নেন।