রাজউকই সেরা
ফি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় আর তার পরই একটা আলোচনায় সরব হয়ে ওঠে শিক্ষাপাড়াগুলো। সেটা হলো, কোন কলেজটা সেরা হলো; কিংবা ভালো ফলাফলের ভিত্তিতে কোন কলেজটা হলো প্রথম। এ বছরও তার অন্যথা হলো না। সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল যে কলেজ, তার নাম রাজউক উত্তরা মডেল কলেজ। পরিসংখ্যান বলছে, এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই কলেজ থেকে অংশগ্রহণকারী এক হাজার ৫০ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৮৯১ জন। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫৭৮ জন, মানবিক বিভাগ থেকে ২৯ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ৩৬১ জন।গত বছর যে কলেজ ছিল সারা দেশের মধ্যে চতুর্থ, এ বছর সেই কলেজ উঠে এল শীর্ষে। কথায় বলে, কারণ বিনা কার্য ঘটে না। তবে কী সেই কারণ, যার পথ বেয়ে রাজউক উত্তরা মডেল কলেজ ছুঁয়ে ফেলল শ্রেষ্ঠত্বের মাইলফলক! নাকি কোনো গোপন রহস্যটহস্য আছে? আর দশজন ছিদ্রান্বেষী বাঙালির মতো আমাদের মনেও যখন এমন সব প্রশ্ন আর ভাবনা উঁকিঝুঁকি মারছিল, তখন এক শ্রাবণের মেঘাক্রান্ত দুপুরে গিয়ে হাজির হই ঢাকার উত্তরা ৬ নম্বর সেক্টরে; যেখানে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলেজটি।প্রশ্ন শুনে হেসে ফেললেন অধ্যক্ষ কর্নেল এ এস এম মুশফিকুর রহমান। ‘রহস্যটহস্য কিছু না, এটা একটা সম্মিলিত প্রচেষ্টার ফলমাত্র। ছেলেমেয়েরা অবিচল ছিল তাদের লক্ষ্যের দিকে, আর আমরা অবিচল ছিলাম তাদের সেই লক্ষ্যের পথকে কণ্টকমুক্ত রাখতে।’ ঠোঁটে গর্বের হাসিটুকু ঝুলিয়ে রেখেই বললেন তিনি। তাঁর কথার প্রতিধ্বনি মিলল উপাধ্যক্ষ প্রফেসর নাজমা আখতার বানুর কণ্ঠেও। তিনি বলেন, ‘তাঁরা ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করে দেন, যাতে কোনো শিক্ষার্থীকে আর হাউস টিউটর বা কোচিংয়ের দ্বারস্থ হতে না হয়। আর দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য করেন অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা। যদি কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকে, তবে সঙ্গে সঙ্গেই অনুপস্থিতির কারণ জানতে চেয়ে এসএমএস পাঠান অভিভাবকের মুঠোফোনে।’ ‘তা ছাড়া শিক্ষার্থীদের জন্য আমরা রেখেছি আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ল্যাবরেটরি, যেন তারা পাঠলব্ধ শিক্ষার প্রায়োগিক জ্ঞান অর্জন করতে পারে। আর প্রয়োজনমাফিক একাধিক বই ব্যবহার করার জন্য রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার।’ বলছিলেন ইংরেজির শিক্ষক প্রবীর কুমার বৈশ্য।শিক্ষকদের কথার চাক্ষুষ প্রমাণ মিলল শ্রেণীকক্ষ, গ্রন্থাগার আর ল্যাবরেটরিগুলোয়। শ্রেণীকক্ষে চলছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান, গ্রন্থাগারে চলছে নিবিড় পড়াশোনা ও বই আদান-প্রদান আর কম্পিউটার ল্যাবে চলছে শিক্ষকদের তত্ত্বাবধানে ইন্টারনেটের ব্যবহার। এখানে কথা হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আনিকা তাসনিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা কেবল পাঠ্যবইয়ের মধ্যেই নাক ডুবিয়ে রাখি না, অন্যান্য সৃজনশীল চর্চাও করি। এই যেমন আমাদের কলেজে নিয়মিত সাংস্কৃতিক সপ্তাহ, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, আন্তকলেজ ক্রিকেট ও ফুটবলসহ সব ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।’‘আর এসব চর্চার মাধ্যমে আমরা যেমন বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পারছি, তেমনি পারছি সুস্থভাবে মানসিকতার বিকাশ ঘটাতে।’ বলছিলেন আনিকার সহপাঠী তানভীর হাসান।তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবারের জিপিএ-৫ বিজয়ী ভাস্কর, অদিত ও নাবিল বললেন, ‘পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে অংশ নিতে হয় বলে পড়াশোনাটা আমাদের কাছে কখনো একঘেয়েমি মনে হয়নি।’পুরো কলেজ ঘুরে আরও জানা গেল, এখানে ক্লাস হয় দুটি শিফটে— মর্নিং শিফট ও ডে শিফটে। আছে সীমিত সংখ্যক শিক্ষার্থীর জন্য আবাসিক ব্যবস্থা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য পরিবহনব্যবস্থার সুযোগ।বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসে। আমরা ফিরে আসি এক নতুন উপলব্ধি নিয়ে। সেই উপলব্ধিটি এমন: শিক্ষাকে সঠিকভাবে আত্মস্থ করতে চাই উপযুক্ত পরিবেশ, শৃঙ্খলিত জীবনাচরণ, আনন্দময় পাঠাভ্যাস ও নিয়মানুবর্তিতা। আর এ সবকিছুর সম্মিলিত রূপ একটি প্রতিষ্ঠানের ললাটে যে তিলক এঁকে দেয়, তার নাম ‘সেরাদের সেরা’।[email protected]