রাজকন্যার দ্বীপে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীষ্মে বিভিন্ন দেশের লোকজন ছুটি কাটাতে আসেন তুরস্কের এসব দ্বীপে
গ্রীষ্মে বিভিন্ন দেশের লোকজন ছুটি কাটাতে আসেন তুরস্কের এসব দ্বীপে

সমুদ্রের নীল জলরাশি। পাথুরে সৈকত। তার পেছনে পাহাড়ের সারি। পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর। কোনোটি তিনতলার বেশি নয়। রংও চোখ সওয়া সাদা, আকাশি, হালকা নীল। সামনে ফুলের বাগান। কোনো কোলাহল নেই। অবশ্য সমুদ্রপাড়ে খানিকটা ব্যস্ততা আছে, তাও খুব বেশি না। শান্ত নিরিবিলি চারপাশ। ছুটি কাটানোর জায়গা যদি এমন হয়, তাহলে ষোলো আনাই উপভোগ্য। বলছিলাম তুরস্কের  ইস্তাম্বুলের মারমারা সাগরপাড়ের কিনালদা দ্বীপের কথা।

 শুধু কিনালদা নয়, পাশাপাশি রয়েছে আরও দুটি দ্বীপ—হেইভেলাদা ও বিওকাদা। প্রতিটি দ্বীপের আদল একই। যেগুলো ভৌগোলিকভাবে পরিচিত ‘প্রিন্সেস আইল্যান্ড’ নামে। বাংলায় রাজকন্যার দ্বীপ। প্রিন্সেস আইল্যান্ড মোট নয়টি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে তিনটিতে যাতায়াত আছে পর্যটকদের। গ্রীষ্মে তুরস্কসহ বিভিন্ন দেশের লোকজন এসব দ্বীপে ছুটি কাটাতে আসেন।

৫ সেপ্টেম্বর তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনসের আমন্ত্রণে ইস্তাম্বুল আসার পর থেকেই প্রিন্সেস আইল্যান্ড নিয়ে আগ্রহটা ছিল বেশি। গুগলের বদৌলতে তুর্কি রাজকন্যার দ্বীপের কথা জেনেছি আগেই। তাই একটি পুরো দিন রাখলাম এ জন্য। যাত্রা ঠিক হলো ৮ সেপ্টেম্বর। সকাল আটটায় সুলতান আহমেদ এলাকার তাসকোনা হোটেল থেকেই পর্যটকবাহী গাড়ি তুলে নিল। ১০ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ঘাটে। সেখানে অপেক্ষারত প্রমোদতরীতে চড়ে মারমারা সাগর পাড়ি। পর্যটক খুব একটা নেই। পুরো জাহাজে সাক​েল্য ৬০ জনের মতো হবে। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ মধুচন্দ্রিমায়। আবার বন্ধুরা মিলেও এসেছেন অনেকে।

দ্বীপের অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি
দ্বীপের অন্যতম আকর্ষণ ঘোড়ার গাড়ি

জাহাজ প্রথমেই থামে কিনালদা দ্বীপে। ছোট্ট এই দ্বীপের আয়তন ১ দশমিক ৩ বর্গকিলোমিটার। পাহাড় আর সমুদ্রের মিতালিতে গড়া দ্বীপটি যেন ছবির মতো। প্রকৃতির নিপুণ হাতে গড়া। সৈকতে পাতা চেয়ারে রৌদ্রস্নান করছেন কিছু পর্যটক। কেউ কেউ ব্যস্ত সাগরে দাপাদাপিতে। জাহাজ থেকে নেমে পড়া পর্যটকেরা ঘুরে বেড়াচ্ছেন ইতিউতি। আমাদের দ্বীপ ঘুরে দেখার জন্য সময় দেওয়া হলো মাত্র আধা ঘণ্টা। তাই তাড়াতাড়ি পা চালালাম। দ্বীপে ঘোরার জন্য রয়েছে বাইসাইকেল। অবশ্য শব্দবিহীন ব্যাটারিচালিত কিছু বাইকও রয়েছে। তারপরও হেঁটে ঘোরাটা ভালো মনে হয়েছে। ছোট্ট দ্বীপটিতে রয়েছে খেলার মাঠ। সারি সারি কাঠের বাড়ি। সামনে বাগানে ফুটে আছে নানা জাতের ফুল। পুরোনো কিছু বাড়িও চোখে পড়ে। অবশ্য বোঝাই যাচ্ছিল, এসব বাড়িতে এখন আর কেউ থাকেন না। তারপরও ইতিহাসের সাক্ষী হিসেবে রেখে দেওয়া হয়েছে বাড়িগুলো। এখানে পর্যটকেরা এলেও হোটেল খুব বেশি নেই। বেশির ভাগ বাড়িতে দ্বীপের বাসিন্দারাই থাকেন। পুরো দ্বীপ ঘুরে দেখতে বেশি সময় লাগেনি।

জাহাজ ছুটে চলল এবার পাশের হেইভেলাদা দ্বীপে। সেই একই আদল—সবুজ পাহাড়ের গায়ে ঘর। এই দ্বীপে  বসতি কম। সেখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল ঘোড়ার গাড়ি। এটি আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। চারজন করে চেপে বসলাম আমরা। কোচোয়ান বেল্টে টান দিতেই ছুটতে লাগল ঘোড়া। পাহাড় বেয়ে উঠে যাচ্ছে গাড়ি। আমাদের পাশ দিয়ে কেউ কেউ বাইসাইকেলও চালিয়ে যাচ্ছিল। এই দ্বীপের বেশির ভাগ অংশজুড়ে রয়েছে ঝাউগাছ। মিনিট দশেক চলার পর গাড়ি থামল দ্বীপের একটি স্থানে, যেখানে সাগরের অংশ খোলা। সেখানেই ছবি তোলার বিরতি। পটাপট ক্লিক করেই আবার গাড়িতে। ২ দশমিক ৪ বর্গকিলোমিটারের দ্বীপটি ঘোড়ার গাড়িতে ঘুরতে সময় লাগল বড়জোর আধঘণ্টা। এদিকে সূর্য তখন মাথার ওপর। পেটেও টান পড়েছে।

জাহাজে উঠেই দেখলাম, আমাদের টু্যর গাইডও যেন ব্যাপারটা বুঝতে পারলেন। জাহাজেই দুপুরের খাবারের আয়োজন হলো। রকমারি তুর্কি খাবার বেশ সুস্বাদু। হেইভেলাদা দ্বীপ থেকে বিওকাদা দ্বীপে যাওয়ার পথে মারমারা সাগরেই সারলাম মধ্যাহ্নভোজ।

জাহাজ সর্বশেষ থামল বিওকাদা দ্বীপে। কিনালদা ও হেইভেলাদা দ্বীপের চেয়ে এটি বড়। আয়তন প্রায় ৫ দশমিক ৪৬ বর্গকিলোমিটার। এ জন্য এটি বড় দ্বীপ নামেও পরিচিত। এই দ্বীপে পর্যটকের আনাগোনা বেশি। এখানে যন্ত্রচালিত কয়েকটি গাড়ি চোখে পড়লেও হাতে গোনা। বাহন ওই বাইসাইকেল ও ঘোড়ার গাড়ি।

সাগরের পাড় ধরে হেঁটে দ্বীপের বসতিতে ঢোকার মুখে চোখে পড়ল মোস্তফা কামাল আতাতুর্কের মূর্তি। মূর্তিটির বিশেষ একটি দিক হলো, গায়ে জন্মসাল লেখা থাকলেও মৃত্যুসাল নেই। তুর্কিদের মতে, আতাতুর্ক চিরঞ্জীব, তিনি তাদের সব সময়ের প্রেরণা। জাহাজ থেকে নামার আগে গাইড বলে দিয়েছিল, যেন আইসক্রিম খেতে না ভুলি। সেই মতো পাহাড়ের পাশের একটি রেস্তোরাঁয় আইসক্রিম খাওয়ার আয়োজন। রেস্তোরাঁটিতে বসেই চোখ জুড়িয়ে গেল। যেন বসে আছি মারমারা সাগরের ওপর। খানিকটা বিশ্রাম নিয়ে সাগরের পাড় ধরে হেঁটে যেতে চোখে পড়ল সারি সারি রেস্তোরাঁ। সমুদ্রের তাজা মাছে ভোজনপর্ব সারছেন অনেকে।

এভাবে ঘোরাঘুরিতে পেরিয়ে গেল সময়। অতঃপর যাত্রা হলো আবার ইস্তাম্বুল শহরের পথে। ঘড়ির কাঁটা তখন বিকেল পাঁচটার কাছাকাছি। ধীরে ধীরে জাহাজ চলছে আর বিন্দু হয়ে মিলিয়ে যেতে লাগল প্রিন্সেস আইল্যান্ড।

দ্বীপ ভ্রমণে যাওয়ার আগে

ইস্তাম্বুলের সব পর্যটন এলাকায় টু্যর কোম্পানি রয়েছে। তাদের প্যাকেজ নিতে হবে। জনপ্রতি খরচ পড়ে ৫৫ ইউরো। তুর্কি মুদ্রায় হলে ১৬০ লিরা। আসা-যাওয়া, ঘোড়ার গাড়িতে চড়া ও দুপুরের খাবার প্যাকেজের অন্তর্ভুক্ত।