রাজদম্পতির ৬ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাড়ি-পাঞ্জাবিতে মুগ্ধ রাজদম্পতি!গণভবন, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা। জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আর পেমা ওয়াংচুককে প্রথম দেখে একটু চমকে যাওয়ার কথা। খটকা লাগতে পারে, এঁরাই ভুটানের রাজা-রানি তো! ভুটানের রাজার পরনে তো ‘গও’ (সে দেশের জাতীয় পোশাক) থাকার কথা। সঙ্গে পীত বর্ণের উত্তরীয়। আর রানির গায়ে থাকার কথা ‘কিরা’। কিন্তু তার বদলে রানির পরনে সিল্কের শাড়ি। রাজার পরনে পাঞ্জাবি। আর তাঁদের মানিয়েছেও বেশ বাংলাদেশি পোশাকে। ভুল হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের পোশাক পরা এ দুজনেই ভুটানের রাজদম্পতি। সেদিন তাঁদের পরনে ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার। কেমন লেগেছে, বাংলাদেশের পোশাকগুলো? তাঁদের সফরসঙ্গী রাজপ্রাসাদের এক কর্মকর্তা জানালেন, দুজনেই বেশ পছন্দ করেছেন পোশাকগুলো। আর এতে যে তাঁদের বেশ মানিয়েছে, সেটিও তাঁরা জানালেন আনন্দের সঙ্গেই। গণভবনে শুক্রবারের সন্ধ্যাটা পারিবারিক আবহে অনেকটা আড্ডার ঢঙে কেটেছে ভুটানের রাজা-রানির। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার যে তাঁদের খুব মনে ধরেছে, তা তাঁরা জানাতে ভোলেননি। ধন্যবাদ দিয়েছেন তাঁরা শেখ হাসিনাকে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে সেদিনের সন্ধ্যায় দুই দেশের বন্ধুতা বিশেষ করে স্বাধীনতার শুরু থেকেই ভুটানের সমর্থনের বিষয়টি উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর নৈশভোজ আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন ভুটানের রাজদম্পতি।পদ্মায় নৌবিহারভুটানের নৃপতি ও তাঁর স্ত্রীর এবারকার সফরের অন্যতম প্রধান অনুষঙ্গ ছিল নৌবিহার। তাঁরা গাঙ্গেয় বদ্বীপের নদীর বুকে ভেসে বেড়ানোর অপেক্ষায় ছিলেন। তাই সফরের চতুর্থ দিন, ১৭ ফেব্রুয়ারি তাঁরা ঘুরে বেড়িয়েছেন পদ্মায়। তাঁদের সফরসঙ্গী এক কর্মকর্তা জানিয়েছেন, পাহাড়ঘেরা দেশের তরুণ দম্পতি পদ্মার বিশালতায় মুগ্ধ হয়েছেন। ভিন্ন আবহে তাঁরা উপভোগ করেছেন নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য। দিগন্তে হারানো নদীর সীমানা আর দুই পাশের সবুজ তাঁদের মুগ্ধ করেছে ভীষণ। রাজার আগ্রহ ছিল পদ্মার বুকে ভেসে চলা ছোট নৌকাগুলোর দিকে। পাহাড়ি দেশের মানুষ বলেই হয়তো। রাজা নিজের ক্যামেরায় ছবিও তুলেছেন প্রচুর।বৌদ্ধবিহার দর্শনসফরের দ্বিতীয় দিন ধর্মরাজিক বৌদ্ধবিহারে যান ভুটানের রাজা-রানি। তাঁরা সেখানে প্রার্থনা করেন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র ছাই-ভস্ম দেখেন। এ ছাড়া ধর্মরাজিক বৌদ্ধবিহারে অতীশ দীপঙ্করের ভাস্কর্য নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে রাজদম্পতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।রপ্তানিতে লক্ষ্মী!সাভারে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা দেখতে ভোলেননি ভুটানের রাজা-রানি। তাঁরা এ সময় তৈরি পোশাক, সিরামিক এবং ওষুধ কারখানা ঘুরে দেখেন। ভুটানের রাজার সঙ্গে তাঁর সাম্প্রতিক আলাপের অভিজ্ঞতা জানালেন থিম্পুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের তৈরি পোশাকশিল্প সম্পর্কে খোঁজ নেন রাজা নামগিয়েল ওয়াংচুক। বাংলাদেশের ব্যবসায়ী নেতা বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সাফল্য নানাভাবে শুনেছেন ভুটানের রাজা। ইচ্ছে ছিল নিজের চোখেই দেখবেন কীভাবে এগোচ্ছে বাংলাদেশ। মধুর স্মৃতি নিয়ে ফেরাঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কেসাং ছিলেন এ সফরে রাজা-রানির সার্বক্ষণিক সঙ্গী। কেমন লাগল? জানতে চাইলে তিনি বলেন, এককথায় অসাধারণ! ভুটানের রাজা ও রানি দুজনেই প্রতিটি অনুষ্ঠান উপভোগ করেছেন। প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ, পদ্মায় নৌবিহার, বৌদ্ধবিহারে প্রার্থনাসভা—সবকিছুই তাঁদের মুগ্ধ করেছে। সময়ের স্বল্পতায় কক্সবাজারের সমুদ্রসৈকত আর সুন্দরবন ঘোরার সুযোগ তাঁদের এবার হয়নি। তবে সেটি তোলা থাকল আগামী দিনের জন্য। রাষ্ট্রদূত বলেন, ভুটানের রাজদম্পতি ছয় দিনের এ সফরে এখানকার সরকার ও মানুষের উষ্ণতা এবং আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। তাঁদের মনেই হয়নি তাঁরা বাড়ি থেকে দূরে আছেন। থিম্পু ফিরে যাওয়ার সময় তাঁরা সঙ্গে নিয়ে গেছেন বাংলাদেশের মানুষের আন্তরিক আতিথেয়তা আর হূদয়ের উষ্ণতা।