রাজধানীতে আজ বিয়ে উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আজ সেজে উঠবে বিয়েবাড়ির সাজে। বিয়ের গেট, বিয়ের বাদ্যি—সবই থাকবে আপনার অপেক্ষায়। এই শীতেই যাঁদের নিজেদের কিংবা আপনজনের বিয়ে, আয়োজনটা মূলত তাঁদের জন্যই। তবে ‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব’ নামের এ আয়োজনে আসতে পারবেন যে কেউ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে দুই দিনের বিয়ে উৎসব। প্রথম আলোর ক্রোড়পত্র নকশা আর ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্কের এ আয়োজনের মূল ভাবনা ‘বিয়ের বাজার দেশেই’।
উৎসবে বিয়ে আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্র্যান্ড আর দেশি প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞরা। শাড়িটা কোন রঙের হবে, বরের শেরওয়ানিটাই বা কী হবে, বর-কনের মঞ্চটা কেমন হবে—এমন প্রশ্নের উত্তর মিলবে বিয়ে উত্সবের আয়োজনে। বিয়ের আগে ত্বকের পরিচর্যা কী হওয়া উচিত, তা নিয়ে পরামর্শ দিতে উপস্থিত থাকবেন রূপবিশেষজ্ঞরা, বিয়ের ছবি তোলার প্রস্তুতি নিয়ে জানাবেন আলোকচিত্রীরা, পোশাক বিষয়ে পরামর্শ দেবেন ফ্যাশন ডিজাইনাররা।

বিয়ে উৎসবে থাকবে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়েহলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, হানিমুনে বেড়ানো এমন নানা অনুষঙ্গের সেরা ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়ন। আর উৎসব উপলক্ষে সবকিছুতেই থাকবে ছাড় আর উপহারের ছড়াছড়ি।

 সানসিল্ক-নকশা বিয়ে উৎসব সবার জন্য উন্মুক্ত। তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসব আজ রাত নয়টা এবং আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এটি। বিয়ে উৎসবের সম্প্রচার সহযোগী চ্যানেল আই। অনুষ্ঠানের নির্বাচিত অংশ চ্যানেল আইয়ে এবং প্রথম আলোর ওয়েবসাইট (www.prothom-alo.com) ও ফেসবুক পেজে (www.facebook.com/dailyprothomalo) সরাসরি দেখা যাবে৷