১৬০৮ বা ১৬১০ সালে ঢাকাকে মোগল সুবা বাংলার রাজধানী করা হয়। কিন্তু মোগলদের সুবা বাংলার রাজধানী ঘোষিত হওয়ার আগেও যে ঢাকার গুরুত্ব ছিল, তা বোঝা যায় মোগলপূর্ব নির্মিত বিভিন্ন ইমারত দেখে, যার প্রায় অধিকাংশই আর টিকে নেই। সময়ের অবহেলা, আমাদের অসচেতনতা, বৈরী আচরণে তা প্রায় হারিয়ে গেছে বললে বেশি বলা হবে না। স্বাধীন সুলতানি আমলের কিছু নিদর্শন মোগল সুবার রাজধানী হওয়ার আগে থেকে বর্তমান কাল পর্যন্ত ঢাকায় খুঁজে পাওয়া যায়। ঢাকার নারিন্দায় অবস্থিত বিনত বিবির মসজিদটি বেশ আলোচিত। ঢাকার সবচেয়ে পুরোনো এ মসজিদ সুলতানি আমলে নির্মিত। নারিন্দা পুলের উত্তরে ছোট্ট এ মসজিদ নির্মিত হয়েছিল ১৪৫৭ সালে। মারহামাতের মেয়ে মোসাম্মৎ বখ্ত বিনত এটি নির্মাণ করেছিলেন। সে সময় বাংলার সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। বাংলার রাজধানী তখন ছিল গৌড়। মসজিদটি বর্তমানে অর্ধভগ্ন অবস্থায় আছে। পেছনে একটি বহুতল মসজিদ বানাতে গিয়ে মসজিদ কমিটি প্রাচীন মসজিদটির গম্বুজসহ সম্প্রসারিত অংশ ভেঙে ফেলেছে। মূল কক্ষটি শুধু টিকে আছে। এরই প্রবেশ দরজার ওপর সাঁটা রয়েছে শিলালিপিটি। অতীতে অনেকবার সংস্কারে মসজিদটির সুলতানি যুগের স্থাপত্যিক বৈশিষ্ট্য টিকে নেই। শিলার লিপিবিন্যাসে বোঝা যায়, ব্যক্তিগত উদ্যোগে মসজিদটি নির্মিত হয়েছিল। এ ছাড়া ঢাকার বর্তমান কারাগারের কিছুটা পশ্চিমে গিরিদা কিল্লা নামের মহল্লায় নাসওয়ালা গলির মসজিদ ও মসজিদের সামনে একটি তোরণ ছিল। তোরণের গায়ে ছিল একটি শিলালিপি। শিলালিপিটি প্রথমে ঢাকা কালেক্টরেটে ছিল। বর্তমানে তা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। নাসওয়ালা গলির মসজিদ ও তোরণটি আজ আর টিকে নেই। ১৮৯৭ সালের ভূমিকম্পে এবং বিশ শতকের শুরুর দিকে বজ্রপাতে মসজিদটি ধ্বংস হয়ে যায়। শিলালিপিটি দক্ষ লিপিতে আরবিতে উৎকীর্ণ করা হয়েছে। এটি সরকারি উদ্যোগে নির্মিত হওয়ায় সমকালীন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের নাম উৎকীর্ণ করা হয়েছে। মোগলপূর্ব সুলতানি আমলের ঢাকার একটি নিদর্শন দিলকুশায় অবস্থিত বঙ্গভবন প্রাঙ্গণের মধ্যে অবস্থিত। এটি সাধক শাহ জালাল দক্ষিণীর মাজার। গৌড়ের শাসকের আদেশে তিনি ১৪৭৬ সালে নিহত হন।মিরপুরে ১ নম্বর সেকশনে ১৫ শতকের শাহ আলী বোগদাদির মাজার ও মসজিদ ১৪৮০ সালে নির্মিত। মাজারটি তার আদি চেহারা হারালেও এখনো টিকে আছে, তবে সুলতানি মসজিদটি টিকে নেই। নতুন মসজিদ পুরোনো মসজিদটিকে করেছে অপসারণ।সুফি সাধক শাহ আলী বোগদাদি মোগলপূর্ব যুগে ৪০ দিন চিল্লা করার পর ইন্তেকাল করেন। মোগল রাজধানী প্রতিষ্ঠার আগেই ঢাকায় অন্তত তিনটি দুর্গের অবস্থান ছিল।ইসলাম খান তাঁর বিরাট নৌবহর, শক্তিশালী অশ্বারোহী ও স্থলবাহিনী নিয়ে রাজমহল থেকে বাংলায় মোগলদের বড় শত্রু মুসা খানকে (ইসা খানের ছেলে) দমন করার জন্য ঢাকা অভিমুখে পূর্ববাংলা অভিযান শুরু করেন। ইসলাম খান ডেমরা নদীপথে বুড়িগঙ্গায় প্রবেশ করেন। মোগল নৌবহর প্রথমে ডেমরা খালের মুখে অবস্থিত দুর্গটি দখল করে। দুর্গটি ছিল পাগলায় অবস্থিত পাগলা সেতুর কাছে। এরপর মোগল বাহিনী ধোলাইখালের মুখে অবস্থিত বেগ মুরাদ খানের অন্য দুর্গটিও দখল করে নেয়। বর্তমান মিল ব্যারাকের কাছে ছিল এই দুর্গ। আজ আর এই বেগ মুরাদ দুর্গ দুটির কোনো চিহ্ন নেই। তবে সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য ছিল ঢাকা দুর্গ, যার অবস্থান ছিল বর্তমান কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে। সুবেদার ইসলাম খান দখলকৃত এসব দুর্গ সংস্কার করেছিলেন। সুবেদার ইসলাম খানের ঢাকা শহর গড়ে উঠেছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে অবস্থিত ঢাকা দুর্গকে কেন্দ্র করে।ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির ঢাকেশ্বরী। কিংবদন্তি অনুযায়ী, এটি বল্লাল সেন নির্মাণ করেছিলেন। এই প্রাঙ্গণের ইমারতগুলো দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির গৃহ ও শিবমন্দির। মন্দিরগুলোর কোনোটিই তার আদিরূপে নেই। বিভিন্ন সময়ে সংস্কার, সংযোজনে তার আদি স্থাপত্য আদল হারিয়ে গেছে। ১৬০২ সালে মুসা খানকে দমনের উদ্দেশ্যে রাজা মানসিংহ ভাওয়াল গড় থেকে তাঁর সদর দপ্তর ঢাকায় স্থানান্তর করেন। তাঁর বাহিনীর অবস্থান ছিল ঢাকেশ্বরী মন্দিরের কাছে। রাজা মানসিংহ ১৬০৪ সাল পর্যন্ত ঢাকায় অবস্থান করেছিলেন। সে সময় তিনি ঢাকেশ্বরী মন্দিরটির সংস্কার করেন।তথ্যসূত্র:১. রাজধানী ঢাকার প্রথম দুই আমল রফিকুল ইসলাম, প্রথম আলো ঈদ সংখ্যা-২০০৬২. ঢাকা শহরের উৎস সন্ধান এবং ‘রাজধানীর ৪০০ বছর’ প্রসঙ্গ ড. এ কে এম শাহনাওয়াজ, ঠিকানা বর্ষ-৯, সংখ্যা-৯, ফেব্রুয়ারি ২০১০, নারায়ণগঞ্জ।৩. ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী। মুনতাসীর মামুন, ফেব্রুয়ারি-২০০০, ঢাকা। DHAKA : SMRITI BISMRITIR NAGARI MUNTASSIR MAMOON Ananya, February-2000, Dhaka.