রাজনীতি তছনছ করে দিয়েছে দিনমজুর ওসমানের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক হামলার ​শিকার দিনমজুর মো. ওসমান এখনো হঁাটাচলা করতে পারেন না l প্রথম আলো
রাজনৈতিক হামলার ​শিকার দিনমজুর মো. ওসমান এখনো হঁাটাচলা করতে পারেন না l প্রথম আলো

দীঘিনালার কবাখালী এলাকার দিনমজুর ওসমান আলী রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তবু সহিংসতার মাশুল গুনতে হচ্ছে তাঁকে। এ বছর আগস্ট মাসে বিএনপির এক পক্ষের হামলায় গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন পর হাসপাতাল থেকে সম্প্রতি বাড়িতে ফিরেছেন। এখনো হাঁটাচলার শক্তি ফিরে পাননি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অবস্থা হওয়ায় অনাহারে–অর্ধাহারে দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের।
ওসমান জানান, তিনি ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ কর্মী। গত ৬ আগস্ট রাতে বিএনপির ওয়াদুদ ভুইয়া পক্ষের অনুসারী বিএনপির একদল কর্মী হঠাৎ তাঁকে আক্রমণ করেন। এলোপাতাড়ি কুপিয়ে মারা গেছে ভেবে চলে যান তাঁরা। পরে লোকজন উদ্ধার করে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা তাঁর মাথায় ছয়টি, পিঠে দুটি, বাঁ হাতে তিনটি, ডান হাতে দুটি ও বাঁ পায়ে একটি কোপ দিয়েছে। ওসমান জানান, তিনি তিন মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা চলাচলের জন্য একটি ক্রাচ কেনার জন্য বললেও টাকার অভাবে কিনতে পারেননি। প্রতিদিন প্রচুর টাকা খরচ হয় ওষুধের পেছনে।
ওসমান আক্ষেপ করে বলেন, ‘মানুষের সাহায্যে পেটে ভাত জোটে। প্রতিদিন ওষুধ লাগে দেড় শ টাকার।’
১২ নভেম্বর উপজেলার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া গ্রামে গিয়ে কথা হয় ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে সূর্যের আলো উঁকি দিচ্ছে।
সংসার চালাতে ইতিমধ্যে ঘরের হাঁড়ি–পাতিলও বিক্রি করেছেন ওসমান। চিকিৎসকেরা আমিষজাতীয় খাদ্য খেতে বলেছেন তাঁকে। কিন্তু সামর্থ্যের অভাবে তাও ব্যবস্থা করে উঠতে পারেননি।
ওসমানের স্ত্রী রোকেয়া বেগম চোখের পানি মুছতে মুছতে বলেন, ‘প্রতিবেশীরা চাল সাহায্য দিলে এখন ভাত খাই আর না দিলে উপোস থাকি। তিন মেয়েকে নিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটছে। সংসারে একমাত্র আয় করেন যে লোকটি তাঁর ওপর হামলা হওয়ায় সব তছনছ হয়ে গেছে। এখন তিনি ভালোভাবে হাঁটতে পারেন না। কথা বলতে পারেন না।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ওসমানের ওপর হামলাসহ ওই ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছিল। সবগুলো মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং শিগগির আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।