রাজনীতি নিষিদ্ধ, সক্রিয় ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্ররাজনীতি ও ছাত্রসংসদের কার্যক্রম স্থগিত থাকলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে সরকারি দলের অঙ্গসংগঠন ছাত্রলীগ তাদের কিছু কিছু কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। নবীনদের স্বাগত জানিয়ে ফুল ও প্রচারপত্র বিতরণ করেছে। অন্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটেছে। প্রসঙ্গত গত ২৩ অক্টোবর চমেক ছাত্র ও ছাত্রদল-কর্মী আবিদুর রহমান প্রতিপক্ষের মারধরে নিহত হওয়ার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও সংসদের কার্যক্রম স্থগিত করা হয়। আবিদুর রহমান হত্যাকাণ্ডের পর চমেক ছাত্রসংসদ ও কলেজ ছাত্রলীগের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনার পর কলেজ এক মাস সাত দিন বন্ধ ছিল। হত্যাকাণ্ডের পর ছাত্রলীগ বেকায়দায় পড়লেও অন্যান্য ছাত্রসংগঠন ভেতরে ভেতরে নিজেদের সংগঠিত করার চেষ্টা করে। প্রথমে গা ঢাকা দিলেও পরে জামিন নিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন। এর পর থেকে মাঝেমধ্যে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।গত ৫ ডিসেম্বর মেডিকেলের গোলচত্বরের সামনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। ভেতরে ভেতরে ছাত্রসংগঠনগুলো নতুন ছাত্রদের নিজেদের পক্ষে আনার কাজও চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। ছাত্রলীগ এক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে। জানা গেছে, সাত জানুয়ারি এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রদের ওরিয়েনটেশন ক্লাসের দিন ছাত্রলীগের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি স্থগিত ছাত্রসংসদের সহসভাপতি মফিজুর রহমান ওরফে জুম্মান ও সাধারণ সম্পাদক হিমেল দাশের নাম ব্যবহার করে একটি শুভেচ্ছা প্রচারপত্রও নবীনদের মধ্যে বিতরণ করা হয়। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বড় এলাকা। কখন কে কী করছে এটা আমাদের পক্ষে সামাল দেওয়া কষ্টকর। পুলিশের বিষয়টা দেখা উচিত।তিনি আরও বলেন, ‘আমাদের কাছে ছাত্ররাজনীতি করার অনুমতি চেয়ে কিছু সাধারণ ছাত্রের নামে আবেদন এসেছে। কিন্ত এটা এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। আর যদি কেউ আমাদের চলমান সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ সরেজমিনে দেখা গেছে, এখনো ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন ব্যানার ঝুলছে। মেডিকেল পূর্ব গেট, গোল চত্বর ও প্রধান ফটক এলাকায় পুরোনো এসব ব্যানার রয়েছে। ছাত্ররাজনীতি স্থগিত হলেও প্রশাসন এসব ব্যানার খুলে নেয়নি। এ প্রসঙ্গে চমেক শাখার ছাত্রশিবিরের সভাপতি মুহসিনুল ইসলাম বলেন, ‘একটি দল তাদের কর্মকাণ্ড চালাবে অন্যরা পারবে না এটা হয় না। এখনো ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার ঝুলছে। প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেই।’এ প্রসঙ্গে বক্তব্য জানতে ছাত্রলীগ নেতা ও স্থগিত ছাত্রসংসদের সহসভাপতি মফিজুর রহমানকে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ছাত্রলীগের অপর এক নেতা নাম প্রকাশ না করে অভিযোগ করেন, ‘শুধু ছাত্রলীগ নয়, অন্যান্য সংগঠনগুলোও ভেতরে ভেতরে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা নবীনদের ছাত্রাবাসে নিজেদের আসনে তোলার জন্য উঠেপড়ে লেগেছে।’শিবির সভাপতি মুহসিনুল এই অভিযোগ অস্বীকার করেছেন। ছাত্রদলের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ বলেন, ‘যেহেতু রাজনীতি বন্ধ তাই আমাদের কোনো কার্যক্রম নেই। কিন্তু অন্য একটি সংগঠন তৎপর রয়েছে। এটা বৈষম্যমূলক।’