রাজনীতি নিয়ে আগ্রহ নেই কৃতী শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে কাল। বেলা আড়াইটায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে কক্সবাজার বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভার সভাপতি মো. মুহিউদ্দিন জানান, গত সোমবার পর্যন্ত সাত শতাধিক শিক্ষার্থী সংবর্ধনায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে। এ সময় বন্ধুসভার সদস্যরা শিক্ষার্থীদের কাছে ভবিষ্যতে কী হতে চান জানতে চাইলে প্রায় শিক্ষার্থী রাজনীতির ব্যাপারে নেতিবাচক মন্তব্য করে। তিনি বলেন, ‘গত সোমবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ৭০ জন কৃতী শিক্ষার্থীর মতামত নেওয়া হয়। এরমধ্যে ৭০ শতাংশেরই ইচ্ছে ভবিষ্যতে চিকিৎসক হবে। এ ছাড়া, ১২ শতাংশ প্রকৌশলী, ১০ শতাংশ ব্যাংকার, পাঁচ শতাংশ শিক্ষক এবং বাকি তিন শতাংশ সরকারি চাকরিজীবী, সাংবাদিক ও আইনজীবী হওয়ার আগ্রহের কথা জানায়। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া এলিনা আজিজ জানায়, রাজনীতিতে তার কোনো আগ্রহ নেই। কারণ রাজনীতির নামে এখন দেশে নোংরামি চলছে। ক্ষমতায় গেলে সবাই দুর্নীতিতে জড়িত পড়েন। একই রকম মত দেয় মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্র সাইদ মো. ফাহিম। বায়তুশ শরফ জব্বারিয়া অ্যাকাডেমির মোহাম্মদ রিয়াদ বলে, ‘রাজনীতি করব না। কারণ রাজনীতিতে এখন ভালো কিছু নেই।’ কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী তামান্না মরিয়ম বলে, লেখাপড়া করে ডাক্তার হয়ে গরিব মানুষকে বিনামূল্যে সেবা দেবো।’ একই স্কুলের পলি চৌধুরী, নিশাত নাওয়াল ইসলাম চিকিৎসক, তাহমিনা আক্তার ব্যাংকার, পাপড়ি দাশ প্রকৌশলী, চকরিয়ার ডুলাহাজারা কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের কাজী তানজিম সাকিব, শিহান মাহমুদ ও আশেক মো. জুনাইদও চিকিৎসক হতে চান।মারুফিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ রিফাত সৈনিক এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের আবদুল করিম সাংবাদিক হতে চায়।