রাজনীতিক ও পেশাজীবীরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ও অপরাধ তদন্ত সংস্থার কাজের ধীরগতিতে হতাশ চট্টগ্রামের রাজনীতিক ও পেশাজীবী মহল। এক বছর আগে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও পেশাজীবী সংগঠনের নেতারা যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা প্রতি ওয়ার্ডে সভা করছি। জনমত গঠন করছি। সরকার ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করেছে। আমরা চাই সরকার যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করুক।’ মহিউদ্দিন চৌধুরী বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর গোলাম আযমসহ আরও ১০-১২ শীর্ষস্থানীয় নেতাকে সরকার এখনো গ্রেপ্তার করেনি। তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা আ জ ম নাছির বলেন, ‘চট্টগ্রামবাসী দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে আসছে। বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো সংশয়-সন্দেহের প্রশ্নই আসে না। যুদ্ধাপরাধীদের বিচার করা এই সরকারের নির্বাচনী অঙ্গীকার।’শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, ‘দীর্ঘ ৪০ বছর পর সরকার বিষয়টিতে হাত দিয়েছে। এ জন্য সরকারকে সময় দিতে হবে আরও দু-তিন বছর। বিচারপ্রক্রিয়া যেহেতু এ সরকারের আমলে শুরু হয়েছে এ সরকারের আমলেই তা শেষ হবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালেহউদ্দিন এ ব্যাপারে বলেন, সরকারের দায়িত্ব এদের বিচার করা। বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করাও সরকারের দায়িত্ব।প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান যুদ্ধাপরাধীদের বিচারে ধীরগতিতে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালকে সচল করার দায়িত্ব সরকারের। ট্রাইব্যুনালের জনবলসংকট ও কারিগরি সহযোগিতার সমস্যা দ্রুত দূর করতে হবে। এ ক্ষেত্রে কোনো রকম ব্যর্থতা জনগণ মেনে নেবে না।’এদিকে বিচারপ্রক্রিয়ার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শাহরিয়ার কবীর। ২৪ মার্চ মুঠোফোনে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত নিষ্পত্তির বিষয়টি জনবল ও কারিগরিসংকটের করণে বিলম্বিত হচ্ছে। আমরা চাই এ সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার নিষ্পত্তি হোক।’ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি। বিচারকাজ দ্রুত নিষ্পত্তির দাবিতে সভা-সেমিনার ও মানববন্ধন করে সরকারকে চাপে রাখছি।’ মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রসিকিউটর রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত করেছি। পর্যাপ্ত তথ্য-উপাত্ত ও প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।’