রাজনীতিতন্ত্রে ভাই পিরামিড
>

বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ছায়া অবলম্বনে রাজনীতিতন্ত্রে ভাই পিরামিডের বিভিন্ন স্তরে ভাইদের পরিচিতি জানাচ্ছেন মিকসেতু মিঠু
প্রথম স্তরের ভাই
এই স্তরে বসবাসকারী ভাইয়েরা রাজনীতির স্কুলে ফার্স্ট ইয়ারের ছাত্র। কার পেছনে থাকলে লাভ হবে, কার পেছনে থাকলে ভবিষ্যৎ অন্ধকার, এগুলো ভাবাভাবির সময় নেই তাদের। মিছিল, মিটিং, স্লোগানের গন্ধ পেলেই তারা উপস্থিত। অনলাইনেও তারা অ্যাকটিভ। তবে তাদের অ্যাক্টিভিটি বেশির ভাগ সময় দ্বিতীয় স্তরের ভাইদের ছবি ও স্ট্যাটাসে ‘সহমত ভাই’, ‘সেই হইছে ভাই’, ‘সেরা ভাই, সেরা’ লেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে। রাজনীতিতে আদর করে এদের ‘জুনিয়র’ বলে ডাকা হয়।
দ্বিতীয় স্তরের ভাই
ভাই পিরামিডে প্রথম স্তরের ভাইয়েরা যে কত গুরুত্বপূর্ণ, তা এই দ্বিতীয় স্তরের ভাইয়েরাই ভালো জানে। কাজেই দ্বিতীয় স্তরের ভাইদের প্রধান কাজ হয় প্রথম স্তরের ভাইদের উদ্দেশে নিয়মিত অনুপ্রেরণামূলক কথা বলা এবং তাদের নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। কারণ, যার সঙ্গে যত বেশিসংখ্যক প্রথম স্তরের ভাই থাকবে, তার রাজনৈতিক সাফল্যের সম্ভাবনা ততই বেড়ে যাবে। এই স্টেজে প্রথম স্তরের ভাইয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, ওপরের স্তরের ভাইদের যেকোনো সিদ্ধান্তে ‘সহমত ভাই’ বলে খুশি রাখতে হয়।
তৃতীয় স্তরের ভাই
প্রথম দুই স্তরের ভাইয়ের চেয়ে এই স্তরের ভাইদের ক্ষমতা বেশি। এই স্তরের ভাইদের সাধারণত ভালো একটা পোস্ট থাকে। পোস্ট
না থাকলেও সামনে পোস্ট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ভাই পিরামিডে এই স্তরের ভাইয়েরা সাধারণত মার্কিন প্রেসিডেন্টের চেয়েও বেশি ব্যস্ত থাকেন। কাজেই গভীর রাত ছাড়া নিচের স্তরের ভাইদের খুব একটা সময় দিতে পারেন না। আর যখন সময় দেন, তখনো প্রতি দুই মিনিট পরপর তাঁর মোবাইলে ফোন আসতে থাকে।
সর্বভুক ভাই
এই স্তরের ভাইয়ের আরেক নাম কেন্দ্রীয় ভাই। ভাই পিরামিডে তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। দিন-রাত ২৪ ঘণ্টাই তিনি সব স্তরের ভাইদের প্রশংসা-বন্যায় ভাসতে থাকেন। ক্ষমতা যত দিন আছে, তত দিন আমজনতা, আবালবৃদ্ধবনিতা—সবাই তাঁকে নিজের আপন ভাইয়ের চেয়েও বেশি আপন প্রমাণ করতে ব্যস্ত থাকে। অনেকেই তাঁর সঙ্গে তোলা দুই-চার বছর আগের সেলফি দেখিয়ে বিভিন্ন জায়গায় নিজের গুরুত্ব বাড়ায়। তবে ক্ষমতা চলে গেলে ফেসবুক স্ট্যাটাসে লাইকের সংখ্যার মতো এই ভাইদের জনপ্রিয়তাও কমতে থাকে।