রাজনীতিতে হঠাৎ উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকস্মিকভাবে নগর বিএনপির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে দলের ভেতর-বাইরে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে, আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপির নেতা-কর্মীরা রাজনীতিতে মারমুখো হয়ে ওঠায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বেশি।রবি ও সোমবার পরপর দুদিন দলের নাসিমন ভবনের কার্যালয় এলাকায় পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দুদিনের সংঘর্ষকালে দলের খসরুর সমর্থকদের উপস্থিতি ছিল বেশি। বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারী নেতা-কর্মীরা এ দুদিন দলীয় কর্মসূচিতে তেমন ছিলেন না। বিষয়টি স্বীকার করেছেন কট্টর নোমান-সমর্থক বলে পরিচিত বিএনপির নেতা এম এ সবুর। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা দলের কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি আলাদাভাবে পালন করছি। ওদের সঙ্গে যাই না।’প্রসঙ্গত, নগর বিএনপিতে নোমান ও খসরুর সমর্থকদের বিরোধ প্রকাশ্য রূপ নেয় ২০০৯ সালের ১৬ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের সম্মেলনের সময়। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মারামারির কারণে সেদিনের সম্মেলন পণ্ড হয়ে যায়। এরপর ওই বছরের ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কাউন্সিল শেষে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি হিসেবে আমীর খসরু ও সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেনের নাম ঘোষণা করা হয়। কিন্তু নোমানের সমর্থকেরা নগর বিএনপিতে খসরুর নেতৃত্ব মানতে নারাজ। এ কারণে দলের কেন্দ্রীয় কর্মসূচিও এখন চট্টগ্রামে আলাদাভাবে পালিত হচ্ছে।খসরুর সমর্থকদের হঠাৎ মারমুখী আচরণের কারণ অনুসন্ধানে জানা গেছে, খসরুর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে মাঠের রাজনীতিতে সফল নেতৃত্ব দেওয়ার ভাবমূর্তি সংকটের অভিযোগ গোড়া থেকেই ছিল। দলের নোমান-সমর্থকদের অভিযোগ, চট্টগ্রামে সরকারবিরোধী আন্দোলন জমিয়ে তোলা খসরুর পক্ষে সম্ভব নয়। কারণ, তিনি কখনো মাঠের রাজনীতিতে ছিলেন না। প্রতিপক্ষের এ ধারণাকে মিথ্যা প্রমাণ করে পরপর দুদিন মাঠের উত্তপ্ত রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন খসরু। তিনি প্রমাণ করলেন, প্রতিপক্ষের অভিযোগ সঠিক নয়। এটা দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কাছে খসরুর লড়াকু সৈনিকের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তাঁর কর্মী-সমর্থকেরা মনে করেন।পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করেন, সোমবারের সংঘর্ষের ঘটনা ছিল বিএনপির পূর্বপরিকল্পিত। এ জন্য দলের কর্মীরা মিছিলের পুরোভাগে থাকা আমীর খসরু ও শাহাদাত হোসেনকে পুলিশের দিকেই ঠেলে দেন। তার আগে তাঁরা পুলিশের লাঠি নিয়ে টানাটানি করেন। এটা ছিল সংঘর্ষের সূত্রপাত। আর সংঘর্ষ শুরু হতে না হতেই চারদিক থেকে বিএনপির খণ্ড খণ্ড মিছিল আসা এবং বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব কারণে পুলিশ কর্মকর্তারা মনে করছেন, ওই দিন একটি বড় ঘটনা ঘটিয়ে চট্টগ্রাম থেকে সরকারবিরোধী আন্দোলনের একটি বড় ইস্যু সৃষ্টির চেষ্টা করেছিল বিএনপি।একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সোমবারের মিছিলে কিছু অস্ত্রধারী ভাড়াটে জড়ো করা হয়েছিল। সংঘর্ষের ঘটনা সন্ধ্যা পর্যন্ত গড়ালে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা নিয়েছিল। এ কারণে সন্ধ্যার আগেই আমরা সবকিছু শেষ করে দিই।’ নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি ককটেল উদ্ধার করেছে। তারা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে চট্টগ্রাম থেকে আন্দোলন শুরুর চেষ্টা করেছিল বলে আমাদের মনে হয়েছে।’ এ অভিযোগ অস্বীকার করে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এসব পুলিশের বানানো গল্প। তারা বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীদের ওপর বর্বর হামলা চালিয়েছে।’ তিনি বলেন, শিগগিরই তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।