রাজনীতির ফাঁদে শিক্ষা
শিক্ষকদের কাজ শিক্ষাদান করা। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান ছাড়াও নানা ধরনের কাজ করতে হয়। যেমন ভোটার তালিকা তৈরি ও হালনাগাদ করা, নির্বাচনে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন, টিকাদান কিংবা কৃমিনাশক কর্মসূচিতে সহায়তা ইত্যাদি। এসব কাজ করতে গিয়ে অনেক সময় শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিতে পারেন না। আবার অনেক সময় বিদ্যালয়ও ছুটি থাকে। এতে পাঠদান ব্যাহত হয়। আর ক্ষতি হয় শিক্ষার্থীদের।এ ব্যাপারে রাজধানীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের বিদ্যালয়ের বাইরের এ জাতীয় কাজ থেকে অব্যাহতি দেওয়া উচিত। এতে শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়ে এবং বাধাগ্রস্ত হয় শিক্ষাদান।’টাপুর আহমেদ শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ বছর প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক—তিনটি পরীক্ষার সময়ই হরতাল ও অবরোধের কারণে তার পরীক্ষা স্থগিত হয়েছে। পরে আবার নতুন তারিখ অনুযায়ী ওই পরীক্ষাগুলোতে অংশ নিতে হয়েছে। টাপুরের মা প্রথম আলোকে বলেন, হরতালের কারণে স্থগিত হওয়া পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে গিয়ে তাঁর মেয়ে বিরক্ত হয়েছে। ভালোভাবে প্রস্তুতি না নিয়েই পরীক্ষায় অংশ নিয়েছে।’ শুধু টাপুর নয়, অনেক শিশুরই একই সমস্যা হয়েছে।এ ছাড়া ক্লাস না হলেও হরতালে সরকারি বিদ্যালয়গুলো খোলা থাকে। ফলে শিক্ষকদের পরিবহন-সমস্যা ও জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয়।খোঁজ নিয়ে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ দিন সরকারি গেজেটেড ছুটি। এর বাইরেও হরতাল, অবরোধ, নির্বাচন, সাংসদের আগমন, টিকাদান কর্মসূচি, বিভিন্ন টুর্নামেন্টসহ নানা সামাজিক ও রাজনৈতিক কারণে বিদ্যালয় বন্ধ না থাকলেও ক্লাসে পাঠদান বন্ধ থাকে, অর্থাৎ, অঘোষিত ছুটি থাকে। এর প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপর। অনেক সময় অধ্যায় কমিয়ে বা শিশুদের বাসায় পড়তে বলে সিলেবাস শেষ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘ইচ্ছা থাকলেও নানা কারণে পুরো বই শেষ করা যায় না।’প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিরও বদল হয়। নতুন করে সভাপতি, বিদ্যোৎসাহী সদস্য কিংবা অভিভাবক সদস্য নিয়োগ করা হয়। অলিখিত নিয়মে এ নিয়োগ দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সাংসদ অথবা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। এতে অনেক সময় অযোগ্য লোকের কাছে বিদ্যালয় পরিচালনার ভার চলে যায়, যার ফলে সেখানে অনেক ধরনের অনিয়ম-বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিদ্যালয়কে দূরে রাখার ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এখানে আমরা একেবারেই অসহায়।’ তবে এ ধরনের চর্চা থেকে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বের হয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।জসিম রহমান (ছদ্মনাম) গাজীপুর জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করেও চাকরি পেতে এক লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। শিক্ষকদের নিয়োগ-সংক্রান্ত আরও নানা ধরনের অভিযোগ রয়েছে। দলীয় প্রভাব, টাকা বা প্রভাবশালী ব্যক্তির সুপারিশে শিক্ষক নিয়োগও হয়ে থাকে। এতে অযোগ্য, মেধাহীন ব্যক্তিরাও সুযোগ পেয়ে যান।তবে এ অভিযোগ অস্বীকার করে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘নিয়োগে এ ধরনের অনিয়মের সুযোগ নেই। ১০০ নম্বরের পরীক্ষায় লিখিত ৮০ , মৌখিকে ১৫ আর সার্টিফিকেটে ৫ নম্বর। লিখিত পরীক্ষায় ভালো করলে এমনিতেই চাকরি হয়ে যায়।’ তবে আরেকটি জেলার শিক্ষা কর্মকর্তা এ ব্যাপারে বলেন, ‘অনেক সময় আমাদের সাংসদ কিংবা উচ্চপদস্থ ব্যক্তিদের সুপারিশের ভিত্তিতে কাউকে নিয়োগ দিতে হয়। তবে তাকেও লিখিত পরীক্ষায় পাস করতে হয়।’অভিযোগ আছে, কোনো টুর্নামেন্ট চলাকালে শহরের বিদ্যালয়গুলো ক্লাস নিলেও গ্রামে ক্লাস হয় না, অর্থাৎ অঘোষিত বন্ধ থাকে। তবে এ ব্যাপারে একাধিক শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, খেলাধুলা পড়াশোনারই অংশ। এ ছাড়া সাংসদ বা রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রামে এলে অনেক সময় ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। তবে বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ায় এখন অনেকটা কমেছে।উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের ৮৫ শতাংশ বিদ্যালয়ে উপস্থিতির দরকার। অনেক বিদ্যালয় শিক্ষার্থীদের উপবৃত্তি নিশ্চিত করতে তারা উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় উপস্থিতি দেখায়। এর সত্যতা স্বীকার করে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘অনেক অভিভাবক শুধু উপবৃত্তির জন্য ছেলেমেয়েদের স্কুলে পাঠান। এটা না পেলে তাঁরা সন্তানদের স্কুলে না পাঠিয়ে কাজে পাঠাতে উৎসাহী হবেন। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এ অনিয়ম করি।’এ ছাড়া শিক্ষকদের সকাল সোয়া নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকার নিয়ম থাকলেও অনেক বিদ্যালয় এ সময়ের আগেই বন্ধ হয়ে যায়। এমনকি অনেক শিক্ষক ছুটি ভোগ করলেও প্রধান শিক্ষকের সহায়তায় তাঁদের উপস্থিত দেখানো হয়। এ অভিযোগের সঙ্গে একমত পোষণ করে মালবিকা ভৌমিক বলেন, ‘একজন সহকারী শিক্ষা কর্মকর্তার অধীনে প্রায় ৩০টি বিদ্যালয় থাকে। তাই প্রতিদিন তো দূরের কথা, সপ্তাহেও অনেক স্কুল পরিদর্শন করা সম্ভব হয় না। নজরদারি বাড়ালে হয়তো এ প্রবণতা কমবে।’ তবে শিক্ষকদের এ ধরনের অনিয়ম বন্ধ করে তাঁদের নৈতিকতার পরিচয় দেওয়া উচিত বলে মনে করেন তিনি।